অনলাইন ডেস্ক: এক-দুই বছর নয়, প্রায় ১৭ বছর ধরে নির্বাচন নেই উত্তরা ব্যাংক পিএলসির শ্রমিক-কর্মচারী ইউনিয়নে (সিবিএ)। দুই বছর পরপর নির্বাচন হওয়ার বিধান থাকলেও ২০০৯ সালের পর আর ভোট হয়নি। দীর্ঘ সময় ধরে নির্বাচন না হওয়ায় ইউনিয়নের নেতৃত্বের বৈধতা, কার্যক্রম এবং ব্যাংকের প্রশাসনিক সিদ্ধান্তে সিবিএর প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে।
বর্তমান ও সাবেক কয়েকজন সিবিএ নেতার অভিযোগ, ২০০৯ সালের সর্বশেষ নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত আবু মো. আহসানুল হাবিব দীর্ঘদিন ধরে সংগঠনটির নিয়ন্ত্রণ ধরে রেখেছেন। তাদের দাবি, সময়ের সঙ্গে তিনি একটি প্রভাবশালী বলয় গড়ে তোলেন। নিয়োগ, বদলি, টেন্ডারসহ বিভিন্ন প্রশাসনিক বিষয়ে প্রভাব বিস্তার এবং বিরোধী নেতাদের বিরুদ্ধে মামলা ও হয়রানির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
তবে এসব অভিযোগকে ‘নিন্দুকের কথা’ বলে দাবি করেছেন আবু মো. আহসানুল হাবিব। তার বক্তব্য, অভিযোগগুলো উদ্দেশ্যপ্রণোদিত।
২০০৯ সালের পর আর ভোট হয়নি
ব্যাংক সূত্রে জানা যায়, উত্তরা ব্যাংক লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (রেজি. নং বি-১৯৩৬) সর্বশেষ নির্বাচন হয় ২০০৯ সালের ১২ মার্চ। ওই নির্বাচনে জালাল আহম্মদ সভাপতি এবং আবু মো. আহসানুল হাবিব সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
শ্রম আইন অনুযায়ী দুই বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও এরপর আর কোনো নির্বাচন হয়নি। ফলে যে কমিটি দুই বছরের জন্য নির্বাচিত হয়েছিল, সেটিই দীর্ঘ সময় ধরে কীভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে—এ নিয়ে প্রশ্ন তুলেছেন সিবিএর কয়েকজন বর্তমান ও সাবেক নেতা।
‘বিরোধিতা করলেই মামলা’
সাবেক সিবিএ নেতাদের অভিযোগ, ইউনিয়নের নেতৃত্ব ও কার্যক্রম নিয়ে হাবিবের সঙ্গে বিরোধে জড়ানো নেতাদের বিভিন্ন সময় মামলা ও হয়রানির মুখে পড়তে হয়েছে।
সিবিএর সাবেক কার্যনির্বাহী সভাপতি মো. আব্দুল মোতালেব বলেন, একই কমিটির সদস্য হয়েও তাদের বিরুদ্ধে মামলা ও হয়রানি করা হয়েছে। দীর্ঘ সময় কারাগারে থাকতে হয়েছে এবং চাকরিও হারাতে হয়েছে। নির্বাচিত সভাপতি জালাল আহম্মদসহ কয়েকজন সিবিএ নেতা একসময় ব্যাংকে প্রবেশের সুযোগও পাননি বলে দাবি করেন তিনি।
সাবেক সভাপতি জালাল আহম্মদের ঘনিষ্ঠ কয়েকজন নেতার অভিযোগ, ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে তার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়। এসব মামলার পেছনে হাবিবের ভূমিকা ছিল বলে দাবি তাদের।
রাজনৈতিক পালাবদলের পরও প্রভাব ধরে রাখার অভিযোগ
সিবিএর এক নেতা অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর হাবিব নতুন করে বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়ান। তার দাবি, এর মাধ্যমে ব্যাংকে নিজের প্রভাব ধরে রাখার চেষ্টা করছেন তিনি।
অভিযোগকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া কয়েকটি ছবির কথাও উল্লেখ করেছেন। তাদের দাবি, এসব ছবিতে হাবিবকে আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতার সঙ্গে দেখা গেছে। আবার রাজনৈতিক পরিবর্তনের পর জাতীয়তাবাদী শ্রমিক দলের শীর্ষ নেতাদেরও তিনি আমন্ত্রণ জানিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
চুক্তিভিত্তিক চাকরি, তবু সিবিএ নেতা?
হাবিবের বিরুদ্ধে আরেকটি অভিযোগ, চাকরির মেয়াদ শেষ হওয়ার পরও তিনি ব্যাংকে চুক্তিভিত্তিক চাকরি অব্যাহত রেখেছেন। অভিযোগকারী সিবিএ নেতার দাবি, গত ৭ জানুয়ারি ২০২৬ থেকে ৭ জানুয়ারি ২০২৮ পর্যন্ত দুই বছরের জন্য গ্রেড-২ কর্মকর্তা হিসেবে তার চাকরির মেয়াদ বাড়ানো হয়েছে। মাসিক বেতন প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা বলেও দাবি করা হয়েছে।
চুক্তিভিত্তিক চাকরিতে থাকার পরও তিনি নিজেকে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিচ্ছেন—এ নিয়ে শ্রম আইনগত প্রশ্নও তুলেছেন অভিযোগকারীরা।
নিয়োগ, বদলি ও টেন্ডারেও প্রভাবের অভিযোগ
সিবিএর কয়েকজন নেতার অভিযোগ, গত এপ্রিল মাসে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই ১২ জনকে নিয়োগ দেওয়ার জন্য ব্যাংক কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করেছিলেন হাবিব। পরে কয়েকজনকে চাকরি দেওয়া হয় বলেও দাবি তাদের।
এ ছাড়া বিভিন্ন সময়ে নিয়োগ, বদলি, টেন্ডারসহ ব্যাংকের প্রশাসনিক সিদ্ধান্তে হাবিব প্রভাব বিস্তার করেছেন বলে অভিযোগ করেছেন তারা।
তবে এসব অভিযোগের পক্ষে ব্যাংক কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
যা বলছেন হাবিব
অভিযোগের বিষয়ে আবু মো. আহসানুল হাবিব বলেন, এসব ‘নিন্দুকের কথা’। তার দাবি, শারীরিক অসুস্থতার কারণে জালাল আহম্মদ নিজেই ব্যাংক থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের পর তিনি ১ কোটি ৩৬ লাখ টাকা নিয়ে চলে গেছেন বলেও দাবি করেন হাবিব। এ-সংক্রান্ত কাগজপত্র দেখাতে পারবেন বলেও জানান তিনি।
জালাল আহম্মদ ও মো. আব্দুল মোতালেবকে মামলা দিয়ে হয়রানির অভিযোগের বিষয়ে হাবিব বলেন, ২০২৫ সালের ৫ ডিসেম্বর শ্রমিক দলের নেতাদের উপস্থিতিতে অব্যাহতি কমিটি গঠন করা হয়। সেখানে মোসলেহ উদ্দিনকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে। শ্রম আইন অনুযায়ী জালাল আহম্মদ ও মোতালেবকে বহিষ্কার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে ১৭ বছর ধরে সিবিএ নির্বাচন না হওয়ার বিষয়ে জানতে চাইলে হাবিব বলেন, ‘সব কথা মোবাইল ফোনে বলা যায় না। আপনি আমার সঙ্গে দেখা করুন।’
ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য কী?
অভিযোগের বিষয়ে উত্তরা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অফিসিয়াল কাজে সাভারের ধামরাইয়ে রয়েছেন। পরে তাকে এসএমএস করা হলে রাতে তিনি জানান, সহকর্মীদের সঙ্গে বৈঠকে আছেন। এ বিষয়ে তখন কোনো মন্তব্য করতে পারবেন না বলে জানান তিনি।
ফলে প্রায় ১৭ বছর ধরে সিবিএ নির্বাচন না হওয়া, ইউনিয়নের নেতৃত্ব এবং ব্যাংকের প্রশাসনিক কার্যক্রমে কথিত প্রভাব বিস্তারের অভিযোগের বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি।
প্রশ্ন থেকে যাচ্ছে—দুই বছর পরপর নির্বাচন হওয়ার বিধান থাকা সত্ত্বেও একটি শ্রমিক সংগঠন কীভাবে প্রায় ১৭ বছর নির্বাচন ছাড়াই চলতে পারে? আর দীর্ঘ এই সময়ে সংগঠনটির নেতৃত্ব ও সিদ্ধান্তের জবাবদিহি নিশ্চিত হয়েছে কি না, সেটিই এখন আলোচনার বিষয়।
সূত্র: কালবেলা

