Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

নেতৃত্বহীন মানবাধিকার কমিশন, জমছে অভিযোগের পাহাড়

রফিকুল হুদা বাবু: মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নাগরিকদের প্রতিকার পাওয়ার অন্যতম রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জাতীয় মানবাধিকার কমিশন। অথচ চার মাস ধরে চেয়ারম্যান ও কমিশনার ছাড়াই চলছে প্রতিষ্ঠানটি। ফলে নতুন অভিযোগ গ্রহণ ও নথিভুক্ত করা হলেও সেগুলোর তদন্ত, শুনানি কিংবা নিষ্পত্তির কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।

কমিশন সূত্র জানায়, প্রতি সপ্তাহে গড়ে ৮ থেকে ১০টি নতুন অভিযোগ জমা পড়ছে। এসব অভিযোগের প্রাথমিক সারাংশ তৈরি করে নথিভুক্ত করা হলেও সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো কর্তৃপক্ষ না থাকায় ফাইলগুলো সেখানেই পড়ে থাকছে। চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের পর এসব অভিযোগ কমিশনের সামনে উপস্থাপনের কথা রয়েছে।

গত জুন পর্যন্ত জাতীয় মানবাধিকার কমিশনে অনিষ্পন্ন অভিযোগের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৩টি। এর মধ্যে ৭৪৫টি অভিযোগের ক্ষেত্রে এখনো কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। এসব অভিযোগের মধ্যে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে ৩৬৯টি, চট্টগ্রাম ও সিলেটে ১৪৬টি, খুলনা ও বরিশালে ১১৭টি এবং রংপুর ও রাজশাহী বিভাগে ১১৩টি রয়েছে।

এর বাইরে গুম কমিশন থেকে পাওয়া প্রায় ১ হাজার ৫০০ অভিযোগও সিলগালা অবস্থায় রয়েছে। কমিশনের নেতৃত্ব না থাকায় এসব অভিযোগের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।

কমিশন সূত্র বলছে, বর্তমানে কোনো অভিযোগ জমা পড়লে সেটির সারাংশ তৈরি করে সংরক্ষণ করা হচ্ছে। চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের পর অভিযোগগুলো তাদের কাছে উপস্থাপন করা হবে। এরপর কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হবে।

মানবাধিকারকর্মীদের মতে, একটি অভিযোগ কেবল একটি নথি নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে একজন মানুষের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচারের প্রত্যাশা। দীর্ঘদিন অভিযোগের নিষ্পত্তি না হলে ভুক্তভোগীর প্রতিকার পাওয়ার পথও দীর্ঘ হয়। তাই কোনো সময়েই জাতীয় মানবাধিকার কমিশনের নেতৃত্ব শূন্য রাখা উচিত নয়।

তাদের মতে, দ্রুত কমিশনের নেতৃত্বসংক্রান্ত জটিলতার অবসান ঘটিয়ে প্রতিষ্ঠানটি পুনর্গঠন করা প্রয়োজন। একই সঙ্গে চেয়ারম্যান ও সদস্য নিয়োগের পাশাপাশি কমিশনকে কার্যকরভাবে কাজ করার মতো ক্ষমতাও দিতে হবে।

নাগরিকদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রতিকার নিশ্চিত করতে ২০০৯ সালে আইন করে জাতীয় মানবাধিকার কমিশন গঠন করা হয়। গণ অভ্যুত্থান-পরবর্তী সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার ওই আইন বাতিল করে নতুন অধ্যাদেশ জারি করে। সেই অধ্যাদেশের ভিত্তিতে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের কমিশন গঠন করা হয়।

পরে বর্তমান সরকার অধ্যাদেশটি বাতিল করে ২০০৯ সালের আইন পুনর্বহাল করে। এর পর অধ্যাদেশের অধীনে নিয়োগ পাওয়া চেয়ারম্যান ও সদস্যরা গত ৯ এপ্রিল পদত্যাগ করেন। সেই থেকে নেতৃত্বশূন্য অবস্থায় রয়েছে কমিশন।

এদিকে গত ১০ আগস্ট ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রস্তাবিত আইনে তদন্ত চলাকালে ভুক্তভোগীর তাৎক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্ষতি প্রতিরোধে কমিশনকে অন্তর্বর্তী আদেশ দেওয়ার ক্ষমতা দেওয়ার বিধান রাখা হয়েছে।

তবে নতুন আইন প্রণয়নের প্রক্রিয়া চললেও কমিশনের নেতৃত্ব না থাকায় বিদ্যমান অভিযোগগুলোর নিষ্পত্তি হচ্ছে না। আইন প্রণয়ন ও কমিশন পুনর্গঠনে দীর্ঘসূত্রতা চলতে থাকলে ভুক্তভোগীদের প্রতিকার পাওয়ার অপেক্ষাও আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা রয়েছে।

জাতীয় মানবাধিকার কমিশনের সচিব ও জেলা ও দায়রা জজ কুদরত-এ-ইলাহী বলেন, প্রতি সপ্তাহেই কমিশনে ৮ থেকে ১০টি অভিযোগ আসছে। কিন্তু চেয়ারম্যান ও সদস্য না থাকায় ২০০৯ সালের আইন অনুযায়ী অভিযোগগুলোর বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। বর্তমানে অভিযোগ এলে সারাংশ তৈরি করে তা নথিভুক্ত ও সংরক্ষণ করা হচ্ছে। চেয়ারম্যান ও সদস্য নিয়োগের পর এসব অভিযোগ তাদের কাছে উপস্থাপন করা হবে।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বলেন, দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় রাষ্ট্রের কাছ থেকে সরাসরি জবাব পাওয়ার যে ব্যবস্থা ছিল, তা এখন কার্যত অনুপস্থিত। এ বিষয়ে যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ছিল, সেটিই বর্তমানে অকার্যকর হয়ে পড়েছে।

তিনি বলেন, কোনো অবস্থাতেই মানবাধিকার কমিশনের পদ শূন্য থাকা উচিত নয়। শুধু চেয়ারম্যান নিয়োগ করলেই হবে না; মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার মতো কার্যকর ক্ষমতাও কমিশনকে দিতে হবে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram