অনলাইন ডেস্ক: সকালের রোদ একটু চড়া হতেই সাতক্ষীরার গ্রামের সড়কের দুই পাশে ছড়িয়ে পড়ছে সোনালি রং। কোথাও পানিতে জাগ দেওয়া পাট থেকে কৃষকরা আঁশ ছাড়াচ্ছেন, কোথাও সড়কের ওপর মেলে দেওয়া হয়েছে সদ্য ধোয়া পাট। পাশে বড় বড় আঁটি করে রাখা হয়েছে পাটকাঠি; কেউ আঁশ উল্টে দিচ্ছেন, আবার কেউ শুকনো পাটের আঁটি বাঁধছেন।
সাতক্ষীরা সদর, তালা ও কলারোয়া উপজেলার গ্রামগুলোতে এখন চলছে পাট কাটার পর আঁশ ছাড়ানো, ধোয়া ও শুকানোর ব্যস্ততা। চলতি মৌসুমে রোগবালাই তুলনামূলক কম থাকায় ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। বাজারে পাটের দামও মোটামুটি ভালো থাকায় তাদের মধ্যে স্বস্তি দেখা গেছে।
পাট কাটার পর ১৫ থেকে ২০ দিন পানিতে জাগ দিয়ে রাখলে আঁশ ছাড়ানোর উপযোগী হয়। জেলার বেশির ভাগ এলাকায় এখন পাট জাগ দেওয়া ও আঁশ ছাড়ানোর কাজ চলছে। কোথাও কোমরসমান পানিতে নেমে কৃষকরা পাটের আঁশ ছাড়াচ্ছেন, আবার কোথাও ভ্যানগাড়িতে পাটের বোঝা নিয়ে বাজারে যাচ্ছেন।
সাতক্ষীরা-আশাশুনি সড়কের পাশে ধুলিহর এলাকায় বৃহস্পতিবার দুপুরে পাটের আঁটি বাঁধছিলেন কৃষক মাজেদ আলী। তিনি জানান, ১৯ দিন পানিতে জাগ দেওয়ার পর তিন-চার দিন আগে পাটের আঁশ ছাড়িয়েছেন। এখন আঁটি বেঁধে শুকাচ্ছেন। ধান কাটার পর জমিতে পাট চাষ করে খরচ বাদে ভালো লাভের আশা করছেন তিনি।
আবাদ ও উৎপাদনের লক্ষ্যমাত্রা
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সাতক্ষীরার সাত উপজেলায় ১১ হাজার ৬৭৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। গত বছর আবাদ হয়েছিল ১১ হাজার ৬০৭ হেক্টর জমিতে। এক বছরের ব্যবধানে আবাদ বেড়েছে ৬৮ হেক্টর।
চলতি মৌসুমে এসব জমি থেকে প্রায় ১ লাখ ৪২ হাজার বেল পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি বেলে প্রায় ১৮২ কেজি পাট থাকে।
সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, এবার জেলায় পাটের আবাদ ও উৎপাদন সন্তোষজনক হয়েছে। এখনো কয়েকটি এলাকায় পাট কাটা চলছে। কৃষকরা প্রতি বিঘায় ১২ থেকে ১৫ মণ ফলনের কথা জানিয়েছেন।
তার ভাষ্য, পাটের পাতা মাটির উর্বরতা বাড়াতে ভূমিকা রাখে। আঁশ ও পাটকাঠিও বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। তবে জেলায় পাটভিত্তিক কোনো শিল্প না থাকায় উৎপাদিত পাট স্থানীয় বাজারের পাশাপাশি জেলার বাইরেও বিক্রি হয়।
রোগবালাই কম, দামেও সন্তুষ্ট কৃষক
সদর, তালা, কলারোয়া ও আশাশুনি উপজেলার কয়েকজন কৃষক জানান, অন্যান্য বছরের তুলনায় এবার পাটখেতে রোগবালাইয়ের প্রকোপ কম ছিল। সাধারণত পাটে ছত্রাকজনিত গোড়া পচা, পাতা শুকিয়ে যাওয়া ও বিছা পোকার আক্রমণ দেখা দিলেও এবার এসব সমস্যা তুলনামূলক কম হয়েছে।
কলারোয়ার ঝাপাঘাট গ্রামের কৃষক মিজানুর রহমান জানান, পাঁচ কাঠা জমিতে পাট চাষ করে ৩৪ আঁটি পাটকাঠি পেয়েছেন। পাট হবে আড়াই থেকে তিন মণ। চাষ ও পাট ধোয়া বাবদ প্রায় ৫ হাজার টাকা খরচ হয়েছে। পাট ও পাটকাঠি বিক্রি করে লাভ থাকবে বলে আশা করছেন তিনি।
তালা উপজেলার ইসলামকাটি এলাকার কৃষক হাবিবুর রহমান বলেন, গত বছর পাটে রোগবালাই বেশি থাকায় কয়েকবার কীটনাশক দিতে হয়েছিল। এবার আবহাওয়া ভালো থাকায় রোগবালাই কমেছে, ফলনও ভালো হয়েছে এবং বাজারে দাম ভালো রয়েছে।
কলারোয়ার হেলাতলা এলাকার কৃষক করিম হোসেন জানান, তিনি প্রতিবছর দুই বিঘা জমিতে পাট চাষ করেন। গত বছর ২৫ মণ পাট পেলেও এবার ফলন ভালো হওয়ায় প্রায় ৩০ মণ পাট পাওয়ার আশা করছেন।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, মানভেদে বর্তমানে প্রতি মণ পাট ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। এ দামে কৃষকরা মোটামুটি সন্তুষ্ট। সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা সালেহ্ মোহামাদ আবদুল্লাহ বলেন, পাটকেলঘাটা এলাকায় পাটের বড় বাজার রয়েছে। ব্যবসায়ীরাও গ্রামে গিয়ে কৃষকদের কাছ থেকে পাট কিনছেন।
পাটের আঁশ ছাড়ানোর পর তা রোদে শুকানো হচ্ছে। একই সঙ্গে জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য পাটকাঠি বাড়ির আঙিনা ও সড়কের পাশে সংরক্ষণ করছেন কৃষকরা। ভালো ফলন, তুলনামূলক কম রোগবালাই ও সন্তোষজনক বাজারদর চলতি মৌসুমে তাদের স্বস্তি দিয়েছে।

