অনলাইন ডেস্ক: প্রেম শুধু কাছে পাওয়ার গল্প নয়, কখনো কখনো তা হয়ে ওঠে ছেড়ে যাওয়ার নির্মম বাস্তবতাও। দীর্ঘদিনের সম্পর্ক, ত্যাগ আর একসঙ্গে ভবিষ্যৎ গড়ার স্বপ্নের পর হঠাৎ যখন একজন মানুষ ধর্মীয় বিশ্বাসের ব্যাখ্যায় ভালোবাসাকেই ‘অজ্ঞতার সময়’ বলে পেছনে ফেলে যান, তখন সেই গল্পে প্রশ্ন ওঠে অনেক কিছু নিয়েই। পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’-এর ১৩তম পর্বে এমনই এক সম্পর্কের টানাপোড়েন দর্শকদের সামনে এসেছে।
নাটকটিতে জামিল চরিত্রে অভিনয় করেছেন নামির খান এবং জারিয়াবের ভূমিকায় রয়েছেন দুরেফিশান সেলিম। এআইওয়াই-এর নাটকটির ১৩তম পর্ব প্রচারের পর জামিল ও জারিয়াবের সম্পর্কের পরিণতি দর্শকদের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। প্রেম ভেঙে যাওয়ার পাশাপাশি ধর্ম, বিয়ে, নারী-পুরুষের ভিন্ন মানদণ্ড এবং সম্পর্কের প্রতি দায়িত্ববোধ নিয়েও আলোচনা হচ্ছে।
গল্পে বহু বছরের প্রেমের সম্পর্কের পর জামিল ও জারিয়াব আরও ঘনিষ্ঠ হয়ে ওঠেন। শৈশবের প্রেমিকা জারিয়াবের সঙ্গে কিছুদিন একসঙ্গে থাকার পর হঠাৎ তাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন জামিল। ধর্মীয় জীবনে নতুনভাবে ফিরে আসার পর তিনি একটি মাদ্রাসার অচেনা নারীকে বিয়ে করেন। এ সিদ্ধান্তের আগে জারিয়াবকে কিছু জানাননি তিনি।
এরপর উত্তর খুঁজতে জামিলের বাড়িতে হাজির হন জারিয়াব। সেখানে তাদের কথোপকথন পর্বটির আলোচিত দৃশ্য হয়ে ওঠে। জামিল নিজের সিদ্ধান্ত ব্যাখ্যা করতে গিয়ে জারিয়াবের সঙ্গে কাটানো সময়কে তার ‘অজ্ঞতার যুগ’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সামনে এগিয়ে যেতে এমন একজন জীবনসঙ্গী প্রয়োজন ছিল, যিনি তার ধর্মীয় জীবনে সহযোগিতা করবেন এবং ধার্মিক, পবিত্র ও নিষ্পাপ হবেন।
জামিল আরও বলেন, আল্লাহ তার তওবা কবুল করেছেন এবং এর ফল হিসেবেই ওই নারী তার জীবনে এসেছেন। পরে জারিয়াবকে নিজের মতো কাউকে বিয়ে করার পরামর্শ দেন তিনি। এতে জারিয়াবের প্রশ্ন ওঠে, তাহলে কি শুধু একজন পুরুষেরই তওবা করার অধিকার রয়েছে?
জামিল ওই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে ধার্মিক স্ত্রীর গুণাবলি ব্যাখ্যা করতে থাকেন এবং জারিয়াব কেন তার নতুন মানদণ্ড পূরণ করেন না, তা বোঝানোর চেষ্টা করেন। এই অবস্থান দর্শকদের একাংশের তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কারণ, জামিল নিজের অতীতকে ‘অজ্ঞতার সময়’ বললেও গল্পে জারিয়াবের ভালোবাসা, ত্যাগ ও আন্তরিকতা আলাদা গুরুত্ব পেয়েছে।
নাটকের আগের ঘটনাপ্রবাহে জারিয়াবের আত্মত্যাগও দেখানো হয়েছে। জামিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারায় তাকে মানসিকভাবে স্বস্তি দিতে ও পাশে থাকতে জারিয়াব নিজের হার্ভার্ডে ভর্তি হওয়ার সুযোগ ছেড়ে দিতে প্রস্তুত ছিল। তার এই ত্যাগের বিপরীতে জামিলের হঠাৎ সরে যাওয়া দর্শকদের কাছে আরও তীব্র হয়ে ধরা দিয়েছে।
সাকিব খানের পরিচালনায় ‘দার-ই-নিজাত’ নাটকে নামির খান ও দুরেফিশান সেলিম ছাড়াও অভিনয় করছেন শেহেরিয়ার মুনাওয়ার, রোমাইসা খান, সাহার হাশমি, সানিয়া সাঈদ, সাবা হামিদ ও নাদিয়া আফগানসহ অনেকে।

