Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

কোচের দায়িত্বে মনোযোগ দিতে বিগ ব্যাশ ছাড়লেন ম্যাথু ওয়েড

কোচের দায়িত্বে মনোযোগ দিতে বিগ ব্যাশ ছাড়লেন ম্যাথু ওয়েড

অনলাইন ডেস্ক: ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়া অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার ম্যাথু ওয়েড এবার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশ থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন। গত বছর অস্ট্রেলিয়া জাতীয় দলের পরামর্শক হিসেবে দায়িত্ব নেওয়া ওয়েড ২০২৬-২৭ মৌসুম শুরুর আগে জাতীয় দলের সীমিত ওভারের ব্যাটিং কোচের দায়িত্বে পুরোপুরি মনোযোগ দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন।

বিগ ব্যাশের গত মৌসুমে হোবার্ট হারিকেন্সের হয়ে ওয়েডের সতীর্থ ছিলেন বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেন। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পরও ওয়েড ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলা চালিয়ে যাচ্ছিলেন।

বিগ ব্যাশে ওয়েডের ক্যারিয়ার

২০১১-১২ মৌসুমে বিগ ব্যাশের উদ্বোধনী আসরে মেলবোর্ন স্টার্সের হয়ে শেন ওয়ার্নের সঙ্গে খেলেই ওয়েডের এই লিগে ক্যারিয়ার শুরু হয়। স্টার্সের হয়ে ১৬টি এবং মেলবোর্ন রেনেগেডসের হয়ে ১৩টি ম্যাচ খেলার পর তিনি নিজ রাজ্য তাসমানিয়ায় ফিরে হোবার্ট হারিকেন্সের হয়ে ৯০টি ম্যাচ খেলেন।

বিগ ব্যাশের সর্বকালের রানসংগ্রাহকের তালিকায় ওয়েড এখনও নবম স্থানে রয়েছেন। হারিকেন্সের হয়ে তার চেয়ে বেশি রান করেছেন কেবল বেন ম্যাকডারমট ও ডি’আরর্কি শর্ট। ব্যক্তিগত সর্বোচ্চ রানের দিক থেকে অবশ্য ওয়েডই এগিয়ে; তার অপরাজিত ১৩০ রান এখনও সবার ওপরে। ২০২৪-২৫ মৌসুমে হোবার্টের প্রথম শিরোপা জয়ের পথেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

৩৮ বছর বয়সী ওয়েডের বিদায়ে শুভেচ্ছা জানিয়েছে হোবার্ট হারিকেন্স। ফ্র্যাঞ্চাইজিটির কোচ জেফ ভন ওয়েডের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতা, দ্রুত ম্যাচের গতিপথ বদলে দেওয়ার সক্ষমতা এবং সতীর্থদের মাঝে নিজের ক্রিকেটীয় জ্ঞান ছড়িয়ে দেওয়ার প্রশংসা করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram