Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

সাপে কামড়ের পর ওঝার কাছে, হাসপাতালে নেওয়ার পর ভ্যানচালকের মৃত্যু

সাপে কামড়ের পর ওঝার কাছে, হাসপাতালে নেওয়ার পর ভ্যানচালকের মৃত্যু

অনলাইন ডেস্ক: নাটোরের বাগাতিপাড়ায় বিষধর সাপের কামড়ে আবু তাহের (৬০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সাপের কামড়ের পর তাকে দ্রুত হাসপাতালে না নিয়ে প্রথমে ওঝার মাধ্যমে বিষ নামানোর চেষ্টা করা হয়। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নাটোর সদর হাসপাতালে তার মৃত্যু হয়। আবু তাহের বাগাতিপাড়া সদর ইউনিয়নের টেটনপাড়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে নিজ শয়নকক্ষে চৌকির ওপর ঘুমন্ত অবস্থায় আবু তাহেরের বাম কাঁধের নিচে বিষধর সাপ দংশন করে। সাপটি দেখতে না পাওয়ায় পরিবারের সদস্যরা প্রথমে বিষয়টি গুরুত্ব দেননি। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পরিবর্তে স্থানীয় এক ওঝার মাধ্যমে বিষ নামানোর চেষ্টা করা হয়।

এতে বেশ কিছু সময় পার হয়ে যায়। সকাল ৮টার দিকে অবস্থার আরও অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। সাপের দংশনের বিষয়টি নিশ্চিতভাবে জানাতে না পারায় চিকিৎসা শুরুর ক্ষেত্রেও কিছুটা বিলম্ব হয়।

পরে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চিকিৎসকরা সাপের দংশনের বিষয়টি নিশ্চিত হন। অ্যান্টিভেনম দেওয়ার প্রস্তুতি চলার সময় দুপুর ১২টার দিকে আবু তাহের মারা যান।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ নেই জানিয়ে মঙ্গলবার রাত ৯টার দিকে থানায় লিখিত আবেদন করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নাটোর সদর হাসপাতাল থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram