অনলাইন ডেস্ক: ৪২ দিনের ব্যবধানে সাতক্ষীরার চৌরঙ্গী মোড়ে অবস্থিত বেসরকারি ব্লিস হাসপাতালে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় হাসপাতাল থেকে বের হয়ে কেউ সদর হাসপাতালে ছুটেছেন, কেউ রাস্তার পাশে ভ্যানের ওপর শুয়ে ছিলেন, আবার কেউ অসুস্থ অবস্থায় হেঁটেই বেরিয়ে আসেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার রাখার স্থান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন তলায় থাকা রোগী ও স্বজনেরা দ্রুত নিচে নামতে শুরু করেন। নার্সরা রোগীদের বের হওয়ার নির্দেশ দেন। স্বজনেরা অসুস্থ রোগীদের ধরে, কোলে করে কিংবা একাধিকজন মিলে নিচে নামিয়ে আনেন।
এক রোগীর স্বজন জানান, আগুনের খবর পেয়ে নার্সরা সবাইকে দ্রুত নেমে আসতে বলেন। পরে ওই রোগীকে সদর হাসপাতালে নেওয়া হয়। আরেক স্বজন বলেন, আগুনের কথা শুনে তারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং ধোঁয়ার মধ্যে রোগীকে নিয়ে নিচে নামেন।
হাসপাতালের পাশের বাসিন্দা মো. ইদ্রিস আলী ময়না বলেন, আগুনের খবর পেয়ে তিনি হাসপাতালের নিচের দিকে ধোঁয়া দেখতে পান। একই ধরনের ঘটনা কয়েক দিন পরপর ঘটায় পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় আছেন বলেও জানান তিনি।
সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস ইনস্পেক্টর মো. নুরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, আগে যেখানে অক্সিজেন সিলিন্ডার রাখা ছিল, সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগের অগ্নিকাণ্ডেও একই স্থান থেকে আগুনের সূত্রপাত হয়েছিল বলে জানান তিনি।
নুরুল ইসলাম বলেন, ধোঁয়ার কারণে রোগী ও স্বজনেরা ভীত হয়ে তাড়াহুড়ো করে নিচে নামছিলেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর তাদের শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়। একসঙ্গে অনেক রোগী নামতে গেলে হুড়োহুড়িতে আহত হওয়ার আশঙ্কা ছিল বলেও জানান তিনি।
একই হাসপাতালে বারবার অগ্নিকাণ্ডের বিষয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, হাসপাতালটি বড় এবং প্রতিটি ফ্লোরে অক্সিজেনের লাইন রয়েছে। তার ধারণা, কারিগরি ত্রুটির কারণে অক্সিজেনের চাপ নিয়ন্ত্রণে সমস্যা হয়ে পাইপ ফেটে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের প্রথমে ভেতরে প্রবেশে বাধা দেন।
এর আগে গত ৪ আগস্ট একই হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় নারী, শিশু ও বয়স্ক রোগীসহ বেশ কয়েকজন আহত হন। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট অংশ নেয়।
একই স্থানে ৪২ দিনের ব্যবধানে ফের আগুন লাগায় রোগী, স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। আগুনের কারণ, হাসপাতালের অক্সিজেন ব্যবস্থাপনা ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয়রা প্রশ্ন তুলছেন।

