অনলাইন ডেস্ক: বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট গেল জুনে চাকরি ছেড়েছিলেন। পরে জিম্বাবুয়ে সিরিজ এবং সবশেষ অস্ট্রেলিয়া সিরিজে টেইটের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত বোলিং কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন তালহা জুবায়ের।
প্রাথমিকভাবে জানা গিয়েছিল, অস্ট্রেলিয়া সিরিজের পর তালহার দায়িত্ব শেষ হবে। তবে বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, তার দায়িত্বের মেয়াদ বাড়ছে। আগামী মাসে আফগানিস্তান সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও থাকবেন তিনি। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও জাতীয় দলের সঙ্গে থাকবেন এই কোচ।
চলতি বছরজুড়েই জাতীয় দলের সঙ্গে থাকার পর আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে থাকবেন তালহা জুবায়ের।
ফিল্ডিং কোচ হিসেবে আপাতত দায়িত্বে থাকছেন আশিক মজুমদার। তবে তার চুক্তির মেয়াদ কতদিন, তা জানা যায়নি।
এদিকে মোহাম্মদ আশারফুল জাতীয় দলের সঙ্গে থাকবেন কি না, তা নিয়ে গুঞ্জন তৈরি হয়েছিল। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ হারের পর বিষয়টি বেশি আলোচনায় আসে। তবে সেই জল্পনা উড়িয়ে আশরাফুলই ব্যাটিং কোচের দায়িত্বে থাকছেন।
বিসিবি একজন সহকারী কোচ নিয়োগ দিতে চায় বলেও জানা গেছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানা যায়নি।

