অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের এক নেতার নিবন্ধনহীন মোটরসাইকেল আটক করাকে কেন্দ্র করে পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে কার্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে তারা প্রায় এক ঘণ্টা কর্মসূচি পালন করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সোমবার বিকেলে শহরের নিউ মার্কেট এলাকায় পুলিশি চেকপোস্টে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তারের মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই করা হয়। বৈধ নিবন্ধন না থাকায় পুলিশ মোটরসাইকেলটি আটক করে। এ সময় আক্তারুজ্জামানের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কথাকাটাকাটি হয় বলে জানানো হয়েছে।
এরপর ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী এসপি কার্যালয়ে গিয়ে মূল ফটকে অবস্থান নেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ ঘটনাস্থলে পৌঁছে তাদের সঙ্গে আলোচনা করেন। প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আক্তার বলেন, মোটরসাইকেল থামানোর পর তিনি কাগজপত্র দেখান। এ সময় পাশের লোকজনের কথাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়। কথোপকথনের একপর্যায়ে পুলিশ তার ফোন চেয়ে নেয় বলেও দাবি করেন তিনি। পরে ফোন নেওয়ার বিষয়টি জানাতে তিনি পুলিশ সুপারের কাছে যান এবং আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে বলে জানান।
অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ বলেন, টিএসআই ও সার্জেন্ট আক্তারের মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র পরীক্ষা করেন। কাগজপত্র না থাকায় বাগবিতণ্ডার সৃষ্টি হয় এবং এ কারণেই তারা কার্যালয়ে অবস্থান নেন। আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি বলেও জানান তিনি।

