অনলাইন ডেস্ক: আরেকবার এশিয়া কাপ ট্রফি নিয়ে নাটকের সাক্ষী হলো দুবাই। গত বছর ভারতের ছেলেরা, আর এবার মেয়েরা চ্যাম্পিয়ন হয়েও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানাল।
হারমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে রেকর্ড অষ্টম শিরোপা জিতেছে। তবে টুর্নামেন্ট-পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাঠে নামেননি ভারতীয় দলের খেলোয়াড়রা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভারতের প্রধান কোচ অমল মজুমদার বলেন, ভারত আনুষ্ঠানিকভাবে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। ট্রফি নেওয়া বা না নেওয়া তাদের কাছে গুরুত্বপূর্ণ নয় এবং নাকভির কাছ থেকে ট্রফি না নেওয়ার সিদ্ধান্তটি বিসিসিআইয়ের।
গত বছর ভারতের পুরুষ দলও নাকভির কাছ থেকে ট্রফি ও মেডেল নেয়নি। ট্রফিটি এখনও এসিসির দপ্তরে রাখা আছে। সেদিন সূর্যকুমার যাদবের দল ট্রফি ছাড়াই মঞ্চে উদযাপন করেছিল।
এবার ভারতের নারী দলের সদস্যরা চ্যাম্পিয়ন হওয়ার পর পুরস্কার বিতরণীর জন্য মাঠে নামেননি। বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া ড্রেসিংরুমে নন্দিনী শর্মাকে সেরা ফিল্ডারের পদক দেন।
এর আগে ম্যাচ শেষ হওয়ার প্রায় এক ঘণ্টা পর শ্রীলঙ্কা দলকে রানার্সআপের চেক ও মেডেল দেন নাকভি। শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুকে পুরস্কার দেওয়ার পরপরই তিনি স্টেডিয়াম ছাড়েন। তবে এবার ট্রফি সঙ্গে নিয়ে যাননি।
গত বছর পেহেলগাঁও সন্ত্রাসী হামলার পর ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে পাল্টা জবাব দিলে পাকিস্তানের সঙ্গে দেশটির কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানাপোড়েন শুরু হয়। এরপর পুরুষ ও নারী দলের খেলোয়াড়রা এশিয়ান কাপ বা আইসিসির কোনো ইভেন্টে মুখোমুখি হলেও হাত মেলাননি।

