Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

বিসিএস ক্যাডার চরিত্রের নানা ভুল নিয়ে সমালোচনায় মুশফিক ফারহানের নাটক

বিসিএস ক্যাডার চরিত্রের নানা ভুল নিয়ে সমালোচনায় মুশফিক ফারহানের নাটক

অনলাইন ডেস্ক: হেমন্ত মুখোপাধ্যায়ের বিখ্যাত গান ‘বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও’-এর লাইন থেকে নাম নেওয়া নাটক ‘পথের সাথীকে চিনে নিও’ ১০ সেপ্টেম্বর বাংলাভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশের পর দর্শকের সাড়া পেলেও এতে বিসিএস ক্যাডার ও ইউএনও পদ উপস্থাপনায় নানা ভুল নিয়ে সমালোচনা হচ্ছে।

জুবায়ের ইবনে বকরের নাটকটি প্রকাশের পর এর ভিউ ৫১ লাখ ছাড়িয়েছে। ইউটিউবে মন্তব্যের সংখ্যা প্রায় দেড় হাজার। দর্শকদের অনেকে নাটকটি পছন্দের কথা জানালেও সচেতন দর্শকদের একাংশ গল্পের বিভিন্ন তথ্য নিয়ে প্রশ্ন তুলেছেন।

নাটকে মইন খান চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। চরিত্রটি শুরুতে দরিদ্র থাকায় প্রেমিকার সঙ্গে তার সম্পর্ক ভেঙে যায়। পরে মইন বিসিএস ক্যাডার হয়ে উপজেলা নির্বাহী অফিসার বা ইউএনও পদে যোগ দেন।

দর্শকদের সমালোচনার একটি বিষয় হলো, নাটকে মইনকে চাকরির প্রথম দিনেই ইউএনও পদে যোগ দিতে দেখা যায়। দর্শকদের দাবি, প্রশাসন ক্যাডারে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরি করার পর পদোন্নতির মাধ্যমে ইউএনও হতে হয়। নাটকে মইনের পদকে ‘অ্যাসোসিয়েট ম্যাজিস্ট্রেট’ বলা হলেও বাংলাদেশের সরকারি চাকরিতে এমন কোনো পদ নেই বলেও মন্তব্য করছেন তারা। নামফলকে উত্তরাকে উপজেলা হিসেবে উল্লেখ করা নিয়েও সমালোচনা হয়েছে।

তানভীর খালেদ ও মোহাম্মদ রবিন পারভেজ নামের দুই দর্শক ইউটিউব মন্তব্যে নাটকটির তথ্য উপস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের বক্তব্যে বিসিএস ক্যাডারদের পদ ও দায়িত্ব নিয়ে নাটকে ভুল তথ্য দেখানোর অভিযোগ উঠে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের আরও পোস্ট দেখা যাচ্ছে।

বিষয়টি নিয়ে এখনো নির্মাতা বা অভিনয়শিল্পীদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নাটকটির গল্প লিখেছেন শাহজাহান সৌরভ। এতে মুশফিক আর ফারহানের সঙ্গে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, জয়নাল জ্যাক, মিলি বাসার ও আরকে রেজাসহ অন্যরা। সংগীত করেছেন সালাম জিম।

এর আগে আনিসুর রহমান রাজিবের ‘সে প্রথম প্রেম আমার’ নাটকের একটি দৃশ্য নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে হাসাহাসি হয়েছিল। ওই দৃশ্যে গল্পের নায়ক, অভিনয়ে ফারহান আহমেদ জোভান, নিজেকে বিসিএসের পররাষ্ট্র ক্যাডার হিসেবে পরিচয় দেন। নাটকটিতে তার সঙ্গে অভিনয় করেছেন আইশা খান।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram