অনলাইন ডেস্ক: আগামী ৩ অক্টোবর থেকে মাঠে গড়াবে এনসিএল চার দিনের খেলা। ২০২৬-২৭ মৌসুমে কোন দলের দায়িত্বে কে থাকছেন, সেটিও আগেই চূড়ান্ত হয়েছে।
লাল বলের এই প্রতিযোগিতায় আটটি বিভাগ অংশ নেবে। দলগুলোর প্রধান কোচ, সহকারী কোচসহ অন্যান্য অফিসিয়ালের নামও চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কোচদের অধীনে ইতোমধ্যে ক্যাম্প শুরু হয়েছে। শিগগিরই স্কিল ক্যাম্প শুরু হবে। এরপর সব বিভাগের ক্রিকেটারদের নিয়ে ফিটনেস ক্যাম্প আয়োজন করা হবে। আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর জাতীয় ফুটবল স্টেডিয়ামের অ্যাথলেট টার্ফে এই ফিটনেস টেস্ট অনুষ্ঠিত হবে।
একটি সূত্রের বরাতে জানা গেছে, এবার ফিটনেস টেস্টে ফেল করলে ক্রিকেটারদের খেলার জন্য বিবেচনা করা হবে না।
এবারের জাতীয় ক্রিকেট লিগে ফিটনেস টেস্টে পাসের প্রধান মানদণ্ড হিসেবে ৭ মিনিটে ১ মাইল বা ১৬০০ মিটার দৌড় সম্পন্ন করতে হবে। ক্রিকেটারদের অ্যারোবিক ফিটনেস ও স্ট্যামিনা কঠোরভাবে যাচাই করতে বিসিবি এই নিয়ম চালু করেছে।

