Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

গেম নির্মাতাদের জন্য নতুন সুবিধা চালু করছে রোবলক্স

গেম নির্মাতাদের জন্য নতুন সুবিধা চালু করছে রোবলক্স

অনলাইন ডেস্ক: গেম নির্মাতাদের জন্য নতুন কয়েকটি সুবিধা চালু করছে অনলাইন গেমিং প্ল্যাটফর্ম রোবলক্স। এর ফলে নির্মাতারা রোবলক্সের মূল অ্যাপ্লিকেশনের বাইরে মুঠোফোন, কম্পিউটার ও বিভিন্ন গেম কনসোলে আলাদা অ্যাপ্লিকেশন হিসেবে নিজেদের তৈরি গেম ছড়িয়ে দিতে পারবেন। শুক্রবার অনুষ্ঠিত নির্মাতাদের সম্মেলনে এ পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রোবলক্স জানিয়েছে, গেমগুলো আলাদা অ্যাপ্লিকেশন হিসেবে চালানোর প্রয়োজনীয় প্রযুক্তি ও সেবা তারা সরবরাহ করবে। এতে নির্মাতাদের গেম ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর সুযোগ বাড়বে।

এ বছরের শেষ নাগাদ গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে সরাসরি রোবলক্সের গেম খেলার সুবিধা চালু হতে পারে। এ জন্য আলাদা অ্যাপ্লিকেশন ডাউনলোডের প্রয়োজন হবে না; গেমের তথ্যসংক্রান্ত পাতা থেকেই তা চালু করা যাবে। পরে অন্য ব্রাউজারেও সুবিধাটি চালুর পরিকল্পনা রয়েছে।

নতুন সুবিধার আওতায় একই গেমে অনলাইন ও অফলাইন খেলার ব্যবস্থাও থাকবে। ফলে কোনো গেমের একক খেলোয়াড়ের অভিযান ইন্টারনেট সংযোগ ছাড়াই চালানো যাবে।

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার

গেম তৈরির কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াচ্ছে রোবলক্স। এর মধ্যে রয়েছে ‘বিল্ড’, ‘সিন জেনারেটর’ এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চরিত্র তৈরির সুবিধা।

গত জুলাইয়ে চালু হওয়া ‘বিল্ড’ সুবিধায় লিখিত নির্দেশনা দিয়েই খেলার উপযোগী গেম তৈরি, পরীক্ষা ও প্রকাশ করা যায়। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত এ সুবিধা ব্যবহার করে প্রায় ৯ হাজার গেম প্রকাশিত হয়েছে। এসব গেমের নির্মাতাদের ৭১ শতাংশ এর আগে রোবলক্স স্টুডিও ব্যবহার করেননি।

এ বছরের শেষ দিকে ‘সিন জেনারেটর’ চালু হতে পারে। এতে লিখিত নির্দেশনা ও একটি নমুনা ছবি ব্যবহার করে গেমের জন্য কার্যকর পরিবেশ বা বিন্যাস তৈরি করা যাবে। গেম পরীক্ষার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি চরিত্র যুক্ত করার পরিকল্পনাও রয়েছে রোবলক্সের।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram