অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় ১০ জনকে উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়েছে। তবে একজন বৃদ্ধ এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া ১০ জনের মধ্যে মায়ের কোলে থাকা ২০ দিনের শিশু তানিশাও ছিল।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার বাখেরআলী থেকে জোহরপুর-টেকের দিকে যাওয়ার পথে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাটিতে ১২ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে সোহেল ও তানিয়া খাতুন দম্পতির ২০ দিন বয়সী সন্তান তানিশাও ছিল।
নৌকাডুবির পর পদ্মার স্রোতে ভেসে তানিশাসহ ১০ বাংলাদেশি ভারতীয় জলসীমায় পৌঁছে যান। সেখানে তাঁদের দেখতে পেয়ে বিএসএফ সদস্যরা উদ্ধার করেন। পরে রাতে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ফেরত দেওয়া হয় এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় বিএসএফের খানদোহা ক্যাম্পের সদস্যরা ১০ জনকে উদ্ধার করেন। বিজিবি তাঁদের সঙ্গে যোগাযোগের পর রাতে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ফেরত দেওয়া হয়।
শিশু তানিশাসহ ১০ জনকে উদ্ধারের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে বিএসএফকে ধন্যবাদ জানিয়েছেন।

