অনলাইন ডেস্ক: আগামী ডিসেম্বরে বিসিবির আয়োজনে মাঠে গড়াতে যাচ্ছে ঘরোয়া নতুন টুর্নামেন্ট ডমেস্টিক থ্রি। টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতার আগে ২৬ অক্টোবর তিন বছরের জন্য নিলাম অনুষ্ঠিত হয়েছে। পাঁচ ক্যাটাগরিতে নিলামের চূড়ান্ত তালিকায় ছিলেন বাংলাদেশের ২৮১ জন ক্রিকেটার।
নিলাম থেকে ছয়টি দল ২২ জন করে খেলোয়াড় দলে নিয়েছে। তবে তালিকায় থাকা তরুণ ব্যাটার আশিকুর রহমান শিবলি কোনো দল পাননি। এনসিএলে বর্তমানে সর্বোচ্চ উইকেট নেওয়া স্পিনার নাঈম আহমেদও দল পাননি। তরুণ ব্যাটার আশরাফুল হাসান রিহাদ ও ঘরোয়া ক্রিকেটে রান করা মিম মোসাদ্দেকেরও কোনো দলে জায়গা হয়নি।
ইনজুরির কারণে রোহানতদৌলা বর্ষন, রবিউল হক ও তানজিম সাকিব দল পাননি। এ ছাড়া প্রিতম কুমার ও আব্দুল্লাহ আল মামুনও কোনো দলে জায়গা পাননি।
এর মধ্যে বিসিবি প্রতিটি দলকে আরও একজন করে খেলোয়াড় নেওয়ার অনুমতি দিয়েছে। সেই সুযোগে ব্লু স্টার্স ওয়াসি সিদ্দিকীকে দলে নিয়েছে। তানজিম সাকিবকে দলে পেতে আগ্রহ দেখিয়েছে একমি, সিটিজেনস ব্যাংক ও ফরচুন গ্রুপ। ওয়ালটন দলে নিয়েছে সানজামুল ইসলাম। সেভেন রিংস একজন তরুণ পেসারকে দলে নিতে চায়।

