অনলাইন ডেস্ক: নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের বিএনপির সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে।
বুধবার (২৮ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভ্রাতৃপ্রতিম সহযোদ্ধার জীবনহানির মতো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নুরুজ্জামান মিন্টুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
হামলায় আহত হয়ে মৃত্যু
শাকিল ইসলাম গুরুদাসপুর পৌর সদরের কাছারিপাড়া এলাকার রবিউল করিম মিস্ত্রির ছেলে। গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হামলায় তিনি গুরুতর আহত হন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার (২৬ অক্টোবর) রাতে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রের ভাষ্য, ঘটনার সময় মোটরসাইকেলে আসা হেলমেট ও মাস্ক পরা দুই যুবক শাকিলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা তাকে ধাওয়া করে ধরে ফেলেন। পরে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে তারা পালিয়ে যান। এতে শাকিলের হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। প্রাথমিক চিকিৎসার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রিমান্ড মঞ্জুর
এ ঘটনায় নুরুজ্জামান মিন্টুকে নাটোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়। পরে আদালতে সোপর্দ করা হলে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

