Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

মোংলা বন্দর ও অর্থনৈতিক অঞ্চল ঘিরে দক্ষিণ-পশ্চিমে সম্ভাবনার হাতছানি

মোংলা বন্দর ও অর্থনৈতিক অঞ্চল ঘিরে দক্ষিণ-পশ্চিমে সম্ভাবনার হাতছানি

অনলাইন ডেস্ক: সড়কের পাশে দীর্ঘ লাইন। কেউ ছবি তুলতে ব্যস্ত, কেউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরাসরি একনজর দেখতে দাঁড়িয়ে ছিলেন। তার গাড়িবহর থামতেই সাধারণ মানুষ ও নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। গাড়ি থেকে নেমে প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে হাত মেলান। কারও কাছে এটি ছিল জীবনের বিশেষ মুহূর্ত, আবার কারও কাছে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের উপলক্ষ।

স্থানীয় মানুষের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলাবে, মোংলা বন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যে গতি ফিরবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) একদিনের সফরে সুন্দরবন, মোংলা বন্দর, নৌবাহিনীর ঘাঁটি ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষে রাজধানী ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল ৫টার দিকে মোংলা হেলিপ্যাড থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।

সকালে সুন্দরবন পরিদর্শন শেষে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামেন প্রধানমন্ত্রী। তাকে দেখতে সকাল থেকেই মাঠের আশপাশ ও সড়কের দুই পাশে বিভিন্ন বয়সী মানুষ জড়ো হন। নলিয়ান কোস্টগার্ডের পন্টুনে যাওয়ার পথে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে হাত মেলান ও কুশল বিনিময় করেন। পরে নৌপথে মোংলা নৌঘাঁটিতে পৌঁছান তিনি ও তার সফরসঙ্গীরা।

বিকেল সাড়ে ৩টার দিকে দিগরাজ নৌঘাঁটি থেকে সড়কপথে মোংলা বন্দরের জেটি এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে বিএনপির নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান। প্রায় ৫০ মিনিটের পরিদর্শনে তিনি জেটি সুবিধা, কনটেইনার ইয়ার্ড, পণ্য ওঠানো-নামা ও সংরক্ষণব্যবস্থা এবং বন্দর বর্ধিতকরণ প্রকল্পের অগ্রগতি দেখেন। এ সময় বন্দর সক্ষমতা বৃদ্ধি, পণ্য খালাস দ্রুততর করা, আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ ও অবকাঠামো আধুনিকায়নের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

বন্দর পরিদর্শনের পর বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। দক্ষিণাঞ্চলে শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনা এবং উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন তিনি।

সফরে নৌবাহিনীর মোংলা ঘাঁটির ওয়ার্ডরুমে একটি সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। সভার বিষয়বস্তু নিয়ে সংশ্লিষ্ট কেউ কথা বলতে চাননি। সূত্রের বরাতে জানা যায়, সভায় তার সফরসঙ্গী তিন মন্ত্রী এবং খুলনা ও বাগেরহাটের পাঁচ সংসদ সদস্য ছিলেন।

সুন্দরবন ও মোংলায় সরকারি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং স্থানীয় সংসদ সদস্যরা।

সফর ঘিরে আলোচনায় থাকা সুন্দরবনের মধ্যে এলএমজি টার্মিনাল বা এফএসআরইউ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না, তা নিয়ে সংশ্লিষ্ট বিভাগ বা ব্যক্তিরা কথা বলতে রাজি হননি। একজন এমপি দাবি করেছেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।

মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী বলেন, বন্দরকেন্দ্রিক অবকাঠামো উন্নয়ন এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল ও এলএনজি টার্মিনাল-সংশ্লিষ্ট প্রকল্প এগিয়ে নেওয়া গেলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক প্রভাব পড়বে।

বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শেখ সাহেদ আলী রবি মনে করেন, চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমাতে মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানো জরুরি। এ জন্য চ্যানেলের নাব্যতা বৃদ্ধি, ড্রেজিং এবং মোংলা কাস্টমস হাউস ও শুল্ক বিভাগের আধুনিকায়নের ওপর গুরুত্ব দেন তিনি।

বারভিডার সভাপতি আব্দুল হক আমদানি-সংক্রান্ত বৈষম্য নিরসনের প্রত্যাশা জানিয়েছেন। তার আশা, সফরের মধ্য দিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। স্থানীয় সংসদ সদস্য ও বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর সফর এ অঞ্চলে বিনিয়োগের গতি বাড়াতে সহায়ক হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram