Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ: জিয়াউদ্দিন হায়দার

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ: জিয়াউদ্দিন হায়দার

অনলাইন ডেস্ক: জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টায় ঝালকাঠি প্রেসক্লাবের মিলনায়তনে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে বক্তব্য উপস্থাপন এবং স্বাস্থ্যবিষয়ক উচ্চপর্যায়ের অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব পরিচালনার স্বীকৃতি হিসেবে ঝালকাঠি প্রেসক্লাব ও ঝালকাঠি সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে এ সংবর্ধনার আয়োজন করে।

জিয়াউদ্দিন হায়দার বলেন, তুলনামূলক ছোট প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ এবারের অধিবেশনে অংশ নিয়েছে। সেখানে দেশের স্বাস্থ্যব্যবস্থার পরিকল্পনা, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও রোগ প্রতিরোধের বিষয় তুলে ধরা হয়েছে।

তিনি জানান, প্রথমবারের মতো ২৫ থেকে ২৬ জনের মতো কোর সদস্যের একটি ছোট দল নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জাতিসংঘে যাওয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষে বাংলাদেশের স্বাস্থ্য খাতের পরিকল্পনা ও ভাবনা উপস্থাপন করা হয়েছে। এ উপস্থাপনা নিয়ে পাঁচটি দেশের স্বাস্থ্যমন্ত্রী আলোচনা করেছেন বলেও জানান তিনি।

স্বাস্থ্যব্যবস্থার পরিবর্তন পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, রোগ হওয়ার আগেই রোগ নির্ণয় করতে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। অধিবেশনে স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা, রোগ প্রতিরোধ এবং সংক্রমণের পরিস্থিতিতে করণীয় তুলে ধরা হয়েছে। প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, প্রাথমিক স্বাস্থ্যসেবা, রোগ প্রতিরোধ ও ‘ওয়ান হেলথ’ দর্শনের আলোকে স্বাস্থ্যব্যবস্থাকে এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

জিয়াউদ্দিন হায়দার বলেন, গত ১৭ বছরে শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি শিশুদের কাছে সবার সাফল্য ও অর্জনের সুফল পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন। স্বাস্থ্যসেবা থেকে ঝালকাঠির উন্নয়ন পর্যন্ত সবাইকে একই মঞ্চে কাজ করার আহ্বান জানান তিনি।

ঝালকাঠির উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, জেলাটির জন্য ৮০০ কোটি টাকার উন্নয়নকাজের বরাদ্দ একনেকে অনুমোদনের পর্যায়ে রয়েছে। বাসন্ডা সেতু দৃষ্টিনন্দনভাবে নির্মাণ, নদীকেন্দ্রিক পরিবেশবান্ধব পর্যটন, ইকোপার্কে কালচারাল ভিলেজ, পরিচ্ছন্ন শহর, ডাম্পিং স্টেশন এবং প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্য হাব প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি।

গত ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের অধীনে স্বাস্থ্যবিষয়ক উচ্চপর্যায়ের একটি অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব পরিচালনা করেন জিয়াউদ্দিন হায়দার।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram