অনলাইন ডেস্ক: দুই বছর বন্ধ থাকার পর এবার বসেছে সাতক্ষীরার ঐতিহ্যবাহী ‘গুড় পুকুরের মেলা’। তবে মেলা ঘিরে কোটি টাকার লেনদেন, দোকান বরাদ্দ ও বিভিন্ন খাতে টাকা আদায় এবং রাজস্বের হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে।
ব্যবসায়ীদের দাবি, ২১ দিনে দোকান ভাড়া, অগ্রিম, বিদ্যুৎ ও বিনোদনসহ বিভিন্ন খাত থেকে প্রায় ৫ কোটি টাকা আদায় হয়েছে। তবে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, মেলা থেকে তারা কোনো রাজস্ব পায়নি।
মেলার আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব প্রকাশের দাবি জানিয়েছেন স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাদের অভিযোগ, মেলা প্রাঙ্গণে গভীর রাত পর্যন্ত জুয়ার আসর চলছে। তবে মেলা পরিচালনা কমিটির এক সদস্য জোর করে টাকা আদায় বা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন।
ব্যবসায়ীদের দেওয়া হিসাব
স্থানীয় বাসিন্দাদের কাছে গুড় পুকুরের মেলা কয়েকশ বছরের ঐতিহ্যের অংশ হিসেবে পরিচিত। এবার নিরাপত্তার কথা বিবেচনায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মেলার আয়োজন করা হয়। ১ অক্টোবর মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাওসার আজিজ। ২০ অক্টোবর মেলা শেষ হওয়ার কথা থাকলেও ২৩ অক্টোবর পর্যন্ত কার্যক্রম চলতে দেখা গেছে।
মেলায় অংশ নেওয়া কয়েকজন ব্যবসায়ী জানান, দোকান বরাদ্দের জন্য দৈনিক ১ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত ভাড়া দিতে হয়েছে। দোকানের আকার ও অবস্থানভেদে ১০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত অগ্রিম নেওয়া হয়েছে বলেও তারা দাবি করেন। তাঁবু, সাজসজ্জা, ইট বিছানো, বিদ্যুৎ ও অন্যান্য সুবিধার জন্যও টাকা দিতে হয়েছে বলে জানান তারা।
জুই হানি ফার্মের স্বত্বাধিকারী নাহিদা আক্তার জানান, তাঁবু, সাজসজ্জা ও ইট বিছানোর জন্য যথাক্রমে ৭ হাজার, ৯ হাজার ও ৫ হাজার টাকা দিয়েছেন। প্রতিদিন দোকানভাড়া ১ হাজার ৬০০ টাকা এবং তিনটি বাতির জন্য ৩০০ টাকা দিতে হচ্ছে বলেও জানান তিনি।
আচার ও চাটনি বিক্রেতা আব্দুস সামাদ বলেন, তাঁবু ও সাজসজ্জার জন্য ২০ হাজার এবং ১০ হাজার টাকা দিয়েছেন। তার দাবি, ৩০ হাজার টাকা জামানত হিসেবে নেওয়া হয়েছে, যা ফেরত দেওয়া হবে না বলে জানানো হয়েছে।
রাজস্ব ও অভিযোগ নিয়ে বক্তব্য
জেলা প্রশাসক কাওসার আজিজ বলেন, মেলা আয়োজনের জন্য কোনো দরপত্র আহ্বান করা হয়নি; আয়োজকদের মৌখিক অনুমতি দেওয়া হয়েছিল। মেলা থেকে জেলা প্রশাসন কোনো রাজস্ব পায়নি এবং সময় বাড়ানোর আবেদন অনুমোদন করা হয়নি বলেও জানান তিনি। পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, পার্কটি পৌরসভার মালিকানাধীন হলেও এবার মেলা থেকে পৌরসভা কোনো রাজস্ব পায়নি।
মেলা পরিচালনা কমিটির সদস্য ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব মো. আবু জাহিদ ডাবলু বলেন, জনদাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে মেলার আয়োজন করা হয়েছে। জোর করে টাকা আদায় বা চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি। তবে মেলা থেকে আয় করা টাকা কোথায় বা কীভাবে জমা হচ্ছে, সে বিষয়ে তার নির্দিষ্ট তথ্য নেই।
সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক মেলাকে ঘিরে চাঁদাবাজির অভিযোগের নিন্দা জানিয়েছেন। সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্যসচিব আলীনুর খান বাবুলের অভিযোগ, মেলায় গভীর রাত পর্যন্ত জুয়ার আসর চলছে এবং প্রতিদিন প্রায় ১৫ লাখ টাকা আদায় হচ্ছে। তিনি মেলার আয়-ব্যয়ের হিসাব প্রকাশের দাবি জানান।

