অনলাইন ডেস্ক: বিয়ের মাত্র চার মাস পর বাবার বাড়িতে প্রথম দুর্গাপূজা উদ্যাপন করতে এসে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনস্থলে সিঁদুর খেলার আনুষ্ঠানিকতায় অংশ নিয়েছিলেন তন্নি দে (২০)। এর মধ্যেই হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়ার পর তার মৃত্যু হয়।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা বাসস্ট্যান্ড-সংলগ্ন সার্বজনীন প্রতিমা বিসর্জনস্থলে এ ঘটনা ঘটে। উৎসবের দিনে নববধূর আকস্মিক মৃত্যুর ঘটনায় কুমিরা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
তন্নি কুমিরা গ্রামের মহাদেব দের মেয়ে। চার মাস আগে যশোরের কেশবপুর উপজেলার এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর বাবার বাড়িতে এটাই ছিল তার প্রথম দুর্গোৎসব।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিজয়া দশমীর সন্ধ্যায় ননদের সঙ্গে বিসর্জনস্থলে যান তন্নি। সেখানে সিঁদুর খেলা ও প্রতিমার কপালে সিঁদুর দেওয়ার আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার একপর্যায়ে তিনি বুকে ব্যথা অনুভব করে মাটিতে লুটিয়ে পড়েন। স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধারের চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
তন্নির মৃত্যুতে বিসর্জনস্থলের উৎসবমুখর পরিবেশ শোকে স্তব্ধ হয়ে যায়। মেয়েকে হারিয়ে বাবা মহাদেব দেসহ পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েন।
তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার ও স্থানীয় সূত্রে তন্নির মৃত্যুর খবর জানা গেছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তারা জানতে পারে, তন্নি হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় লিখিত আবেদনের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

