Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

অনলাইন ডেস্ক: কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের দ্বিতীয় ইউনিটের দ্বিতীয় চালান। বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টা ৩ মিনিটে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহরটি পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে।

এর আগে ভোর ৪টা ৫৬ মিনিটের দিকে বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে রওনা হয়। গাড়িবহরের নিরাপত্তায় সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, এসআরবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন। ঢাকা থেকে ঈশ্বরদী পর্যন্ত সড়কপথের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের দ্বিতীয় চালানের জ্বালানিবাহী বিমান পৌঁছায়। পরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি গ্রহণ করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ১০টার দিকে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান প্রকল্পে পৌঁছেছে।

প্রকল্প সূত্র জানিয়েছে, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিং কাজের জন্য দুটি—সব মিলিয়ে মোট নয়টি চালানে এই জ্বালানি দেশে আনা হচ্ছে। ডিসেম্বরের মধ্যে সব চালান সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা আশা করছেন, সব প্রস্তুতি সময়মতো সম্পন্ন হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram