অনলাইন ডেস্ক: ব্যাট হাতে ঝোড়ো ফিফটি, বল হাতে ছয় উইকেট নিয়ে এক ম্যাচেই অলরাউন্ড নৈপুণ্যের অনন্য নজির গড়েছেন পাকিস্তানের তরুণ ক্রিকেটার আরাফাত মিনহাস। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ৫৯ রান করার পর ৪০ রানে ৬ উইকেট নিয়ে দলকে ৮৭ রানের জয় এনে দিয়েছেন ২১ বছর বয়সী এই অলরাউন্ডার। এর মধ্য দিয়ে পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে একই ওয়ানডেতে অর্ধশতক ও পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়া তৃতীয় খেলোয়াড় হয়েছেন তিনি।
মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেটে ৩০২ রান করে পাকিস্তান। মিনহাস ৫৮ বলে ৫৯ রানের কার্যকর ইনিংস খেলেন। পরে বল হাতে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে ম্যাচসেরার পুরস্কারও জিতে নেন তিনি।
আফ্রিদি-রাজ্জাকের পাশে মিনহাস
এর আগে পাকিস্তানের হয়ে একই ম্যাচে অর্ধশতক ও পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন শহীদ আফ্রিদি ও আবদুল রাজ্জাক। আফ্রিদি ওয়ানডেতে তিনবার এমন কীর্তি গড়েছেন, আর রাজ্জাক করেছেন একবার। এবার তাদের সঙ্গে যোগ দিলেন মিনহাস।
পুরুষদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এই ঘটনা ঘটেছে মাত্র ২৫ বার। এই তালিকায় ভিভ রিচার্ডস, যুবরাজ সিং, ক্রিস গেইল ও সাকিব আল হাসানের মতো তারকারাও রয়েছেন।
মিনহাসের শিকারদের মধ্যে ছিলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক, আদিল রশিদ, উইল জ্যাকস ও জেমি ওভারটন।
ম্যাচ শেষে নিজের বোলিং পরিকল্পনা প্রসঙ্গে মিনহাস বলেন, “আমি আমার পরিকল্পনা সহজ রেখেছিলাম। প্রথম ম্যাচে স্পিনারদের জন্য তেমন সহায়তা ছিল না। আজ উইকেট কিছুটা মন্থর ছিল, যা আমাকে সাহায্য করেছে।”

