Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

উচ্চশিক্ষায় ৩৪ বছর পূর্ণ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

উচ্চশিক্ষায় ৩৪ বছর পূর্ণ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক: আজ বুধবার, ২১ অক্টোবর। উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ ও কলেজ শিক্ষার সমন্বিত ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ৩৪ বছর পূর্ণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ১৯৯২ সালের ২০ অক্টোবর জাতীয় সংসদে ৩৭ নম্বর আইন পাসের পরদিন গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠার পর থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে ভূমিকা রেখে আসছে। মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও প্রান্তিক পরিবারের তরুণ-তরুণীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণেও প্রতিষ্ঠানটির অবদান রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ জানান, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২ হাজার ৩১৮টি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। এসব প্রতিষ্ঠানে শিক্ষক রয়েছেন এক লাখের বেশি।

তার তথ্য অনুযায়ী, দেশের উচ্চশিক্ষার প্রায় ৭০ শতাংশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয়টির অধীনে পড়াশোনা করে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এক কোটির বেশি শিক্ষার্থী। তাদের অনেকে দেশে ও বিদেশে শিক্ষা, প্রশাসন, ব্যবসা-বাণিজ্য, শিল্প, প্রযুক্তি এবং সামাজিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন।

তাইয়েবা তাসনীম সিরাজ বলেন, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে এবং চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাক্রম আধুনিকীকরণ, শিক্ষক প্রশিক্ষণের পরিধি বাড়ানো, সেশনজট নিরসন ও গবেষণার সুযোগ সম্প্রসারণে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ও নগর কার্যালয়ের প্রধান ফটক এবং ভবনগুলোতে ব্যানার টাঙানো হয়েছে। কেন্দ্রীয় মসজিদে দোয়ারও আয়োজন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram