অনলাইন ডেস্ক: বছর ঘুরে আবারও এসেছে দুর্গাপূজা। ঢাক ও শিউলি ফুলের গন্ধে উৎসবের আমেজ এখন তুঙ্গে। আনন্দের এই জোয়ার থেকে বাদ যাননি তারকারাও। প্রতিবারের মতো এবারও ঢাকাই শোবিজের অনেক তারকা নিজেদের বর্ণিল আয়োজনে শারদীয় উদযাপনে মেতেছেন।
এই ধারাবাহিকতায় একগুচ্ছ ছবি প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন মডেল ও অভিনেত্রী সেমন্তী সৌমি। পূজার বিশেষ সাজে তার ছবিগুলো ভক্ত-নেটিজেনদের নজর কেড়েছে।
সপ্তমীর দিন ১৮ অক্টোবর সন্ধ্যায় ফেসবুকে শারদীয় সাজের ছবি প্রকাশ করেন সেমন্তী। ঐতিহ্যবাহী লুকে তার পরনে ছিল সূক্ষ্ম গোল্ডেন এমব্রয়ডারি করা লাল পেড়ে সাদা রঙের জামদানি বা সিল্ক শাড়ি। ভারী ঐতিহ্যবাহী স্বর্ণালংকারে সাজটি আরও সমৃদ্ধ করেন তিনি। খোঁপা করা চুলের ওপরে গয়না, ভারী ঝুমকা, কয়েক স্তরের মুক্তার মালা ও কোমরে বিছা পরতে দেখা যায় তাকে।
তার হাতের সাজও ছিল বিশেষভাবে আকর্ষণীয়। ছবিতে হাত ও আঙুল আলতা দিয়ে রাঙানো দেখা যায়, যা বাংলার প্রাচীন পূজার ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়।
ছবিগুলোতে বিভিন্ন ভঙ্গিমায় দেখা গেছে সেমন্তীকে। কোথাও তিনি হাসিমুখে চুল ঠিক করছেন, আবার কোনো ছবিতে অলংকৃত হাত ও আলতা রাঙা আঙুল দেখিয়েছেন। একটি ছবিতে ঘাসের ওপর শুয়েও পোজ দিয়েছেন তিনি। এসব ছবি দেখে ভক্ত-নেটিজেনরা তাকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন।
এর আগে দুর্গোৎসব শুরু হওয়ার পর চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও পূজা চেরিও নতুন ছবি প্রকাশ করে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। ভক্তরাও তাদের শারদ শুভেচ্ছা জানান।
সপ্তমী শেষ হয়েছে, বিজয়া দশমীর আর কয়েক দিন বাকি। তারকা ও সবার উৎসবের দিনগুলো আনন্দ ও খুশিতে কাটুক—এমন প্রত্যাশা রয়েছে ভক্তদের।

