Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর বিমানবন্দর সড়কে চলছে সাজসজ্জা

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর বিমানবন্দর সড়কে চলছে সাজসজ্জা

অনলাইন ডেস্ক: শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরের ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমন ঘিরে নীলফামারীর সৈয়দপুরে চলছে সাজসজ্জার কাজ। সোমবার (১৯ অক্টোবর) সকালে সৈয়দপুর বিমানবন্দর সড়ক ও শহরের বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা যায়।

সাজসজ্জার অংশ হিসেবে সড়কের পাশে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন টাঙানো হচ্ছে। পাশাপাশি সড়কের বিভিন্ন স্থানে রং করা, সৌন্দর্যবর্ধন এবং ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ চলছে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ দেখা গেছে।

প্রধানমন্ত্রীর সফরসূচি

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে যাবেন তারেক রহমান। সেখান থেকে সড়কপথে রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দিরে যাবেন তিনি। বেলা ১১টার দিকে মন্দিরটি পরিদর্শনের কথা রয়েছে। পরে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশিয়ার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। এরপর রাজশিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বলেন, প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দর হয়ে সড়কপথে রংপুরে যাবেন। তাঁকে বরণ করে নিতে তারা প্রস্তুত রয়েছেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আক্তার বলেন, প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সড়কপথে রংপুরে যাবেন এবং দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করবেন। এ উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠন প্রস্তুতি নিয়েছে বলে জানান তিনি।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, প্রধানমন্ত্রীর যাতায়াতের পথের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পরিষ্কার, রং করা ও ডিভাইডার মেরামতের কাজ চলছে। ময়লার স্তূপগুলো বালু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা বলেন, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা নিশ্চিত করতে সজাগ রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram