অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর ইন্টার মায়ামির আগের ম্যাচে নেমে জয়ে অবদান রেখেছিলেন লিওনেল মেসি। এবার তিনি জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করে সরাসরি দলকে নেতৃত্ব দিলেন। মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা তিন মৌসুমে ন্যূনতম ১৫ গোলে অ্যাসিস্ট করলেন বিশ্বকাপজয়ী এই তারকা। মেসিময় ম্যাচে আটালান্টা ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি।
আটালান্টার মাঠ মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় সফরকারী মায়ামি। দ্বিতীয়ার্ধে মেসির জোড়া গোলে ব্যবধান বাড়ে। শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমায় স্বাগতিকরা। ম্যাচজুড়ে আটালান্টার ওপর আধিপত্য ধরে রাখে মায়ামি।
এমএলএসে নতুন কীর্তি
পেশাদার ক্যারিয়ারে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৩৬-এ। চলতি এমএলএসে ২৫ গোল করে তিনি গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে আছেন। অ্যাসিস্ট করেছেন ১৫টি। এর মাধ্যমে এমএলএসের ইতিহাসে টানা তিন মৌসুমে অন্তত ১৫টি অ্যাসিস্ট করার রেকর্ড গড়েছেন তিনি। চলতি মৌসুমে মেসির সমান অ্যাসিস্ট আছে লস অ্যাঞ্জেলেস এফসির দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং-মিনের।
গত মৌসুমে এমএলএসে ২৯ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। তিনি ও জোসেফ মার্টিনেজ লিগটির ইতিহাসে দুই মৌসুমে অন্তত ২৫ গোল করা খেলোয়াড়। সব মিলিয়ে চলতি মৌসুমে মেসির গোলে অবদান ৪০টি। ২০১৯ সালে লস অ্যাঞ্জেলেস এফসির হয়ে কার্লোস ভেলার গড়া ৪৯ গোলে অবদানের রেকর্ড থেকে তিনি ৯টি পিছিয়ে। মায়ামির অধিনায়কের হাতে এখনও চার ম্যাচ রয়েছে।
আটালান্টার বিপক্ষে প্রথমার্ধে একটি গোলে সহায়তা করার পর দ্বিতীয়ার্ধে চার মিনিটের ব্যবধানে দুটি গোল করেন মেসি। ৫৬ ও ৬০তম মিনিটে করা গোল দুটি ছিল চলতি লিগ মৌসুমে তার ২৪তম ও ২৫তম গোল। জেরেমি বার্তেরামে দুই গোলেই সহায়তা করেন। মেসির দ্বিতীয় গোলে অবদান ছিল লুইস সুয়ারেজেরও।

