অনলাইন ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তারকাদের চেহারা বসিয়ে তৈরি করা আপত্তিকর ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। একটি বেসরকারি টেলিভিশনের সামাজিক মাধ্যমের পেজ হ্যাক হওয়ার পর সেখানে প্রকাশিত এসব ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। পরে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমটি হ্যাকিংয়ের বিষয়টি জানিয়ে দুঃখ প্রকাশ করলেও বিতর্ক থামেনি। এমন পরিস্থিতিতে ছড়িয়ে পড়া ভিডিও ও তা প্রচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভূমিকা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পোস্টে মেহজাবীন বলেন, এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করে তাকে হেয় করার উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়া বিনোদন নয়, বরং অপরাধ।
তার মতে, একই ধরনের কনটেন্ট শত শত বা হাজার হাজার মানুষ শেয়ার করতে থাকলে বিষয়টি শুধু একজনের অপরাধে সীমাবদ্ধ থাকে না; এতে বড় একটি সামাজিক সমস্যার চিত্রও সামনে আসে।
ডিপফেকের শিকার ব্যক্তি নিজের পরিবারের কেউ হলে মানুষ এমন কাজ করত কি না—এমন প্রশ্নও তুলেছেন অভিনেত্রী। তবে কাউকে মানুষ হিসেবে সম্মান করতে তাকে পরিবারের সদস্য হতে হবে কেন, সেই প্রশ্নও সামনে এনেছেন তিনি।
সামাজিক মাধ্যমে ভিউ, লাইক, শেয়ার ও ট্রেন্ডিংয়ে থাকার প্রতিযোগিতা নিয়েও উদ্বেগ জানিয়েছেন মেহজাবীন। তিনি স্বীকার করেছেন, অনেকের কাছে কনটেন্ট তৈরি জীবিকা নির্বাহের মাধ্যম। তবে অন্য একজনের অপমান ও অসম্মান কখন থেকে উপার্জনের মাধ্যম হয়ে উঠল, সে প্রশ্ন তুলেছেন তিনি।
মেহজাবীনের বক্তব্য অনুযায়ী, জনপ্রিয়তা বা অর্থ আয়ের আশায় কাউকে অপদস্থ করার প্রবণতা সমর্থনযোগ্য নয়। মানুষ হিসেবে প্রত্যেকের সম্মান পাওয়ার অধিকার রয়েছে।
তিনি আরও বলেন, এ সমস্যা শুধু নারী বা পুরুষের মধ্যে সীমাবদ্ধ নয়। ভিউ, এনগেজমেন্ট ও ট্রেন্ডিংয়ের প্রতিযোগিতায় যে কেউ ক্ষতিকর কনটেন্ট তৈরি করতে বা এর শিকার হতে পারেন। এসব কনটেন্ট তৈরি করা ব্যক্তিদের পাশাপাশি স্বেচ্ছায় তা শেয়ার, আলোচনা ও ছড়িয়ে দেওয়া ব্যক্তিদের ভূমিকাও উদ্বেগের বিষয় বলে উল্লেখ করেছেন অভিনেত্রী।

