অনলাইন ডেস্ক: রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের ডেবাছড়া এলাকায় স্থায়ী সেতু না থাকায় পাঁচ গ্রামের প্রায় ৮ হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ কাঠের সেতুটি বন্যা ও পাহাড়ি ঢলে ভেঙে যাওয়ায় বিকল্প পথ না থাকলেও স্থানীয়রা ঝুঁকি নিয়ে সেটি পার হচ্ছেন। এতে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং অসুস্থ রোগী ও প্রসূতি মায়েদের চলাচলে বাধা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা সেখানে স্থায়ী স্টিল বা বেইলি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
দক্ষিণ তক্তানালা থেকে রোয়াপাড়া ছড়ায় যাওয়ার পথে ডেবাছড়া এলাকায় পাড়াবাসীর উদ্যোগে নির্মিত কাঠের সেতুটি এখন ভাঙাচোরা। বিভিন্ন স্থানের কাঠের তক্তা নষ্ট হয়ে যাওয়ায় যেকোনো সময় এটি পুরোপুরি ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় কৃষক ভুবনজয় তঞ্চঙ্গ্যা বলেন, প্রতিদিন শত শত মানুষ এই পথ ব্যবহার করেন। সেতুর দুই পাশে থাকা ধানখেত ও বাগানের কৃষিপণ্য পরিবহনেও এটি গুরুত্বপূর্ণ। এ বছর সেতুটি সংস্কার না হওয়ায় বিকল্প পথ না থাকায় মানুষের দুর্ভোগ বেড়েছে।
স্থানীয় বাসিন্দা ভারতচন্দ্র কার্বারী জানান, কয়েক বছর আগে ইউনিয়ন পরিষদের উদ্যোগে কাঠের সেতুটি নির্মাণ করা হয়। প্রতিবছর পাড়াবাসী পরিবারপ্রতি চাঁদা তুলে গাছ ও তক্তা কিনে এটি মেরামত করেন, যাতে কয়েক লাখ টাকা পর্যন্ত ব্যয় হয়। তবে পাহাড়ি ঢল ও বন্যায় ফসলের ক্ষতি হওয়ায় এ বছর অধিকাংশ পরিবার প্রয়োজনীয় অর্থ দিতে পারছে না।
স্থানীয়দের ভাষ্য, শুকনো মৌসুমে কলা, ফরাস শিম, বাদাম, আদা, হলুদ ও ঝাড়ু ফুলসহ বিভিন্ন কৃষিপণ্য এ পথ দিয়ে মূল সড়কে নেওয়া হয়। পরে রাজস্থলী হয়ে এসব পণ্য বিভিন্ন শহরে পরিবহন করা হয়। কিছু পণ্য বিদেশেও রপ্তানি হয় বলে তারা জানান।
ফারুয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মনিলতা তঞ্চঙ্গ্যা বলেন, ফুঁছড়া, উলুছড়ি, মাইত কুমা পাড়া ও উত্তর পাড়ার বাসিন্দারাও নিয়মিত সেতুটি ব্যবহার করেন। সব মিলিয়ে পাঁচ গ্রামের প্রায় ৮ হাজার মানুষ এর ওপর নির্ভরশীল। দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও সেতুটি ব্যবহার করেন।
তার দাবি, বর্ষায় পানি বেড়ে গেলে ভাঙা সেতু পার হওয়ার সময় পানিতে পড়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে। স্থায়ী সেতু নির্মাণ হলে সরাসরি যানবাহন চলাচল সম্ভব হবে। সংযোগ সড়কের বড় একটি অংশ পাকা হওয়ায় স্টিল বা পাকা সেতু নির্মাণ জরুরি বলেও তিনি উল্লেখ করেন।
ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল চাকমা বলেন, ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে কাঠের সেতুটি নির্মাণ ও একাধিকবার মেরামত করা হয়েছে। তবে সেতুটি দীর্ঘ হওয়ায় পাকা বা স্টিলের সেতু নির্মাণে বেশি ব্যয় হবে। স্থায়ী সেতু হলে মানুষের দুর্ভোগ কমবে এবং রোয়াপাড়া ছড়া থেকে তক্তানালা দক্ষিণ পাড়া পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণের কাজ সহজ হবে।
বিলাইছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফরহাদ হোসেন বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় সর্বোচ্চ ৫০ ফুট পর্যন্ত সেতু নির্মাণ করা হয়। ডেবাছড়া এলাকায় প্রায় ২৫০ ফুট দীর্ঘ সেতু প্রয়োজন হওয়ায় অন্য কোনো মন্ত্রণালয়ের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের সুপারিশ করা যেতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ বলেন, প্রায় ২৫০ ফুট দীর্ঘ নতুন বেইলি সেতু নির্মাণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে। এতে বেশি বরাদ্দের প্রয়োজন হবে এবং আবেদন প্রক্রিয়ায় সময় লাগবে। তবে স্থানীয়ভাবে কাঠের সেতুটি মেরামত করা হলে উপজেলা প্রশাসন সহযোগিতা করবে।

