অনলাইন ডেস্ক: সৌদি আরবে অনুষ্ঠিত এআই হ্যাকাথন ফর পিপল উইথ ডিজঅ্যাবিলিটিজে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সায়েম হোসেন ও তার দল। দ্য ওরিয়েন্টাল ব্রেইল প্রজেক্টের মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা সহজে আরবি ভাষা ও কোরআনিক শিক্ষা গ্রহণ করতে পারবে। এ হ্যাকাথনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২ হাজার ২৫১ জন শিক্ষার্থী, গবেষক ও উদ্ভাবক অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রিয়াদের হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সায়েমদের উদ্ভাবনটি প্রথম স্থান অর্জন করে। পুরস্কার হিসেবে তারা পেয়েছেন ৪৫ হাজার সৌদি রিয়াল।
দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ব্রেইল প্রকল্প
সায়েমের উদ্ভাবিত ‘দ্য ওরিয়েন্টাল ব্রেইল প্রজেক্ট’ ত্রিমাত্রিক মুদ্রণ প্রযুক্তির মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের আরবি ভাষা ও কোরআনিক শিক্ষা গ্রহণ সহজ করার লক্ষ্যে তৈরি করা হয়েছে। প্রচলিত ব্রেইল বইয়ের ডটগুলো অত্যন্ত ছোট হওয়ায় অনেক শিক্ষার্থীর জন্য তা শনাক্ত করা ও শেখা কঠিন হয়ে পড়ে।
এ ছাড়া ইংরেজি ভাষার ব্রেইল পাঠ্যসামগ্রী ও গ্রন্থাগার তুলনামূলকভাবে সমৃদ্ধ হলেও আরবি, বাংলা ও উর্দুর মতো নন-ল্যাটিন লিপিভিত্তিক ভাষায় ব্রেইল রিসোর্সের ঘাটতি রয়েছে। প্রকল্পটি প্রচলিত ব্রেইল পদ্ধতির এই সীমাবদ্ধতা মোকাবিলা করে বিশেষত আরবি ভাষা ও কোরআনিক শিক্ষা দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের কাছে আরও সহজলভ্য করার উদ্যোগ নিয়েছে।
উদ্ভাবনের লক্ষ্য
সায়েম হোসেন জানান, বিশ্বের ২৩টি আরবিভাষী দেশ এবং ৫৭টি মুসলিমপ্রধান দেশের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কাজ করার চিন্তা থেকেই তিনি এ উদ্ভাবনের উদ্যোগ নিয়েছেন। পর্যাপ্ত ও মানসম্মত ব্রেইল পাঠ্যসামগ্রী নেই—এমন শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ করাই তার লক্ষ্য। বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনার কারণে প্রতিবন্ধিতা ও পুনর্বাসন নিয়ে কাজের আগ্রহ তৈরি হয় বলেও জানান তিনি।
এ অর্জনের পেছনে তার সুপারভাইজার ড. এ কে এম আজাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে জানান সায়েম। ড. আজাদ সৌদি আরবের ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক। দলের সদস্য ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইয়াকুব শাকিলও তাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।
বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক ড. খায়রুল ইসলাম বলেন, বিভাগের শিক্ষার্থীরা গবেষণায় ভালো করছে। সায়েমের অর্জন প্রশংসনীয় এবং ভবিষ্যতে সে আরও ভালো করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

