Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ভোলা সরকারি কলেজে পরীক্ষা ও ক্লাস বন্ধ, একই মাঠে ছাত্রদল-ছাত্রশিবিরের কর্মসূচি

ভোলা সরকারি কলেজে পরীক্ষা ও ক্লাস বন্ধ, একই মাঠে ছাত্রদল-ছাত্রশিবিরের কর্মসূচি

অনলাইন ডেস্ক: ভোলা সরকারি কলেজে একই মাঠে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হওয়ায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অভ্যন্তরীণ পরীক্ষা ও ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফীল স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, ১৫ অক্টোবর বৃহস্পতিবার কলেজের অভ্যন্তরীণ পরীক্ষা ও শ্রেণি পাঠদান বন্ধ থাকবে। তবে কলেজ খোলা থাকবে।

এর আগে ১৩ অক্টোবরের এক নোটিশে ১৪ ও ১৫ অক্টোবর ভোলা সরকারি কলেজ ক্যাম্পাসে বিভিন্ন সংগঠনের পূর্বঘোষিত আনুষ্ঠানিক কার্যক্রম না করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা চাওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কলেজ ক্যাম্পাসের ছায়াবীথিতে বৃহস্পতিবার নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন কর্মসূচি ঘোষণা করে ইসলামী ছাত্রশিবিরের কলেজ শাখা। এতে ডাকসুর জিএস এস এম ফরহাদকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। অন্যদিকে একই মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে কলেজ শাখা ছাত্রদল। পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে গত দুই দিন ধরে ক্যাম্পাসে উত্তেজনা চলছিল।

পরিস্থিতি মোকাবিলায় বুধবার দুপুরে ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাস ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্যাম্পাস পরিদর্শন করেন। পরে তারা কলেজ প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। এরপর কলেজ প্রশাসন পরীক্ষা ও ক্লাস বন্ধের সিদ্ধান্ত নেয়।

অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফীল বলেন, ক্যাম্পাসে সুন্দর পরিবেশ বজায় রাখতে বৃহস্পতিবার কোনো ছাত্র সংগঠনকে কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি।

ইসলামী ছাত্রশিবিরের কলেজ শাখার সভাপতি মো. আল আমিনের অভিযোগ, কলেজ প্রশাসনের লিখিত অনুমতি নিয়ে তারা নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন কর্মসূচির আয়োজন করেছিলেন। ছাত্রদল উদ্দেশ্যপ্রণোদিতভাবে একই মাঠে খেলার আয়োজন করে কর্মসূচি বানচালের চেষ্টা করেছে বলে তিনি দাবি করেন। প্রশাসনের নির্দেশনার পর কর্মসূচিটি অন্যত্র করার কথা জানান তিনি।

তবে ছাত্রদলের আহ্বায়ক আরাফাত ইসলাম ইফতি, সদস্য সচিব আবদুস সামাদ ও যুগ্ম আহ্বায়ক সিফায়েত উল্লাহ সিফাত বলেন, ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রশিবিরের অভিযোগ ভিত্তিহীন। তাদের দাবি, জুলাই গণঅভ্যুত্থানে নিহত কলেজছাত্র শহীদ নাঈমের স্মরণে ফুটবল টুর্নামেন্টটি আগে থেকেই নির্ধারিত ছিল। কলেজ প্রশাসনের সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়ে টুর্নামেন্টটি আপাতত স্থগিত করেছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, কলেজ ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুলিশ কাজ করছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram