অনলাইন ডেস্ক: বিমানযাত্রায় তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। মূলত বিমানের সেবার মান ও শিডিউল নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন এই তারকা।
একটি পোস্টে ইরফান সাজ্জাদ জানান, বিমানে ওঠার পর তিনি ককপিটে কাজ চলতে দেখেন। এরপর কোনো সদুত্তর না দিয়েই যাত্রীদের আবার বিমান থেকে নামিয়ে দেওয়া হয় বলে দাবি করেন তিনি।
ভিডিওটির পেছনে ফানি মিউজিক যুক্ত করে ভোগান্তির বিষয়টি তুলে ধরেন অভিনেতা। পোস্টে তিনি লেখেন, ‘প্লেনে ওঠার পর দেখতে পেলাম ককপিটে কাজ চলছে, বুঝলাম ঘটনা খারাপ!! এরপর তারা আবার প্লেন থেকে নামিয়ে দিল! এ প্লেন কবে উড়বে তারাও জানে না, আমরাও জানি না!! এই হলো আমাদের এয়ারপোর্টের লোকাল বাস!’
বিমানটি বাংলাদেশ এয়ারলাইনসের বলে উল্লেখ করে রসিকতার ছলে সংস্থাটিকে ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইনস’ আখ্যা দেন ইরফান সাজ্জাদ।
তার পোস্টের মন্তব্যের ঘরে ভক্ত ও নেটিজেনরা নানা প্রতিক্রিয়া জানান। ইরফান সাজ্জাদের মতো অনেকেই দেশের বিমানসেবার মান ও যাত্রীদের ভোগান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

