অনলাইন ডেস্ক: চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারের পর ক্লাব কর্তৃপক্ষের ওপর ক্ষোভ জানিয়েছেন লিসান্দ্রো মার্টিনেজ। ম্যানচেস্টার ইউনাইটেডের এই আর্জেন্টাইন ডিফেন্ডারের মতে, ইউরোপের শীর্ষ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে দল গঠনে আরও বিনিয়োগ করতে হবে।
মঙ্গলবার আতলেতিকোর মাঠে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম মিনিটের মধ্যেই স্বাগতিকদের এগিয়ে দেন পাবলো বারিওস। দ্বিতীয়ার্ধে ৭৯ মিনিটে আদেমোলা লুকম্যানের গোলে ব্যবধান দ্বিগুণ করে আতলেতিকো। এর কিছুক্ষণ আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইউনাইটেড ডিফেন্ডার লেনি ইয়োরো।
ম্যাচ শেষে মার্টিনেজ বলেন, দলের ফুটবল পরিচালকের কাছ থেকে তিনি আরও বেশি প্রত্যাশা করেন। একই সঙ্গে খেলোয়াড়দেরও নিজেদের পারফরম্যান্সে উন্নতি করতে হবে বলে উল্লেখ করেন তিনি।
ক্লাবের ফুটবল পরিচালক জেসন উইলকক্সের কথা আলাদাভাবে উল্লেখ করে মার্টিনেজ বলেন, প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দিতে এবং ইউরোপে শিরোপার লড়াইয়ে থাকতে ইউনাইটেডের আরও খেলোয়াড় প্রয়োজন।
মার্টিনেজের মতে, গত মৌসুমে দলের ভালো সময় গেলেও এবার ক্লাবের শীর্ষ পর্যায় থেকে আরও কিছু প্রত্যাশা করছে খেলোয়াড়েরা। প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে নতুন খেলোয়াড় আনার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
দুই মৌসুম বিরতির পর এবার চ্যাম্পিয়নস লিগে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২০২৩-২৪ মৌসুমে সর্বশেষ অংশ নিয়ে গ্রুপ পর্বে সবার নিচে থেকে বিদায় নিয়েছিল দলটি। এবারও শুরুতে হারের ফলে ইউরোপীয় মঞ্চে তাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠছে।
প্রিমিয়ার লিগে বর্তমানে ১৩তম স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আগামী রোববার লিডস ইউনাইটেডের মাঠে খেলবে তারা। এরপর ২১ অক্টোবর চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইতালির কোমোর মুখোমুখি হবে ক্যারিকের দল।

