অনলাইন ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পররাষ্ট্র দপ্তর পর্যায়ের আলোচনার প্ল্যাটফর্মে (এফওসি) দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ ও কিরগিজস্তান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সই হওয়া সমঝোতা স্মারক দুটির একটি ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা নিয়ে। অন্যটি ২০২৬-২০২৭ মেয়াদে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাস্তবভিত্তিক সহযোগিতা এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা বিষয়ে।
দ্বিপক্ষীয় আলোচনায় বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম। কিরগিজস্তানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাইরাত তুরসুনকুলভ। নিজ নিজ দেশের পক্ষে তারাই সমঝোতা স্মারকে সই করেন।
আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, বৃত্তি, শ্রম গতিশীলতা, ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ, সংসদীয় আদান-প্রদান, উচ্চপর্যায়ের সফর, তথ্যপ্রযুক্তি, প্রযুক্তি হস্তান্তর, সংস্কৃতি, পর্যটন, জনগণের মধ্যে যোগাযোগ এবং ভিসা সহজীকরণসহ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। ২০২৭ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫তম বার্ষিকী উদ্যাপনের বিষয়েও উভয় পক্ষ সম্মত হয়েছে।
রাজনৈতিক যোগাযোগ জোরদার, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের আয়োজনেও সম্মতি জানানো হয়। জাতিসংঘ, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ও সাংহাই সহযোগিতা সংস্থাসহ (এসসিও) আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা বাড়ানোর বিষয়েও দুই দেশ একমত হয়েছে।
বাণিজ্য ও বিনিয়োগে বেসরকারি খাতের অংশগ্রহণ এবং ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বস্ত্র, তৈরি পোশাক, ওষুধশিল্প ও তথ্যপ্রযুক্তিকে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনাময় খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে। শিক্ষা, খেলাধুলা, পর্যটন, সাংস্কৃতিক বিনিময় ও কর্মসংস্থানের মাধ্যমে দুই দেশের জনগণের যোগাযোগ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
কিরগিজস্তানে দক্ষ ও আধাদক্ষ বাংলাদেশি কর্মীদের সম্ভাব্য কর্মসংস্থান এবং বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, বিশেষ করে মেডিকেল কলেজে পড়াশোনার সুযোগ নিয়েও আলোচনা হয়েছে। এ ছাড়া কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি, কৃষি, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, সংস্কৃতি, পর্যটন, বিনিয়োগ সুরক্ষা ও শিল্প সহযোগিতাসহ কয়েকটি প্রস্তাবিত চুক্তি ও সমঝোতা নিয়ে কথা হয়।
আলোচনা শেষে পররাষ্ট্রসচিব কিরগিজস্তানের পররাষ্ট্রমন্ত্রী জিনবেক কুলুবায়েভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের ২০৩১-২০৩২ মেয়াদের জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং ২০২৮-২০৩০ মেয়াদের মানবাধিকার কাউন্সিলে প্রার্থিতার জন্য সমর্থন চাওয়া হয়। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনেও কিরগিজস্তানের সহযোগিতা কামনা করা হয়।

