অনলাইন ডেস্ক: প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে অংশ নিতে কুয়েতে পৌঁছেছে বাংলাদেশের ফুটবল ক্লাব ফর্টিজ এফসি। মঙ্গলবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্থানীয় সময় দুপুরে কুয়েতে পৌঁছায় দলটি। আগামী ১৭ অক্টোবর রাতে স্বাগতিক কুয়েতের আল কাদসিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ফর্টিজের এই অভিযান।
গ্রুপ পর্বে বাংলাদেশের ক্লাবটির অন্য দুই প্রতিপক্ষ ভারতের এফসি গোয়া এবং তাজিকিস্তানের এফসি রেগার তাদাজ। কুয়েতের হাওয়াল্লিতে অবস্থিত মোহাম্মদ আল হামাদ স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
প্রথমবারের মতো এশিয়ার এই প্রতিযোগিতায় অংশ নেওয়া ফর্টিজকে ঘিরে কুয়েতপ্রবাসী বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াকু ফুটবল উপহার দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ফুটবলের সক্ষমতা তুলে ধরবে ফর্টিজ—এমন প্রত্যাশা করছেন তারা। দেশের ক্লাবকে সমর্থন জানাতে মাঠে উপস্থিত থাকার আশাও করছেন কুয়েতের বাংলাদেশি ক্রীড়াপ্রেমীরা।
গ্রুপ পর্বের ম্যাচ শেষে আগামী ২৪ অক্টোবর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে ফর্টিজ এফসির। এশিয়ার ফুটবল মঞ্চে প্রথম অভিযান দলটি কতটা স্মরণীয় করে রাখতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।

