অনলাইন ডেস্ক: নারীর সঙ্গে কথা বলার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় গঠিত পাঁচ সদস্যের কমিটির তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণ শাখার প্রচার সম্পাদক মাওলানা মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে আব্বাস উদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত চারিত্রিক স্খলন-সংক্রান্ত অভিযোগ তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে কমিটির জয়েন্ট সেক্রেটারি মাওলানা সালাউদ্দিনকে ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, আব্বাস উদ্দিন রাজনীতির পাশাপাশি স্থানীয় একটি কওমী মাদরাসার পরিচালক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে এক নারীর সঙ্গে ভিডিও কলে আপত্তিকর অবস্থায় কথা বলতে দেখা যায় বলে সূত্রটির দাবি। এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে গত রোববার (১১ অক্টোবর) তার পদ স্থগিত করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটি। ভোলা দক্ষিণ জেলা শাখার সভাপতি প্রফেসর কামাল উদ্দিনকে কমিটির প্রধান করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।
তবে আব্বাস উদ্দিন বলেন, ভিডিও কলে থাকা ওই নারী তার স্ত্রী এবং ভিডিওটি কয়েক মাস আগের। তার দাবি, ভিডিওটি থাকা মোবাইল ফোনটি সম্প্রতি চুরি হয়। পরে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করেছে। ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে তিনি দুঃখপ্রকাশও করেছেন।

