অনলাইন ডেস্ক: সত্য ও সাহসিকতার বার্তা নিয়ে নির্মাণ করা হয়েছে হিন্দি সিনেমা ‘রিপোর্টিং লাইভ’। পরিচালক ধ্রুব ত্রিপাঠীর এই ছবিতে উঠে এসেছে সাংবাদিকতার রূঢ় বাস্তবতা এবং অবৈধ সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াইয়ের চিত্র। মূল ভূমিকায় অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। গত ৯ অক্টোবর স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এই ইনভেস্টিগেশন থ্রিলার ফিল্ম।
ছবিটির গল্প সংবাদমাধ্যমের একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। জনপ্রিয় একটি খবরের চ্যানেলের প্রাইম টাইমের খবরের সন্ধানে গিয়ে সাংবাদিক সন্ধ্যা যাদব ও তার ক্যামেরাম্যান বিনোদ শর্মা জটিল পরিস্থিতিতে জড়িয়ে পড়েন। ভিসারগাঁওয়ে একটি সেতু ভেঙে কয়েকটি শিশুর মৃত্যুর ঘটনার কারণ অনুসন্ধান করতে গিয়ে তারা অবৈধ বালি উত্তোলনসহ বড় ধরনের দুর্নীতির তথ্য পান। স্থানীয় ব্যক্তি শিবা কাকার সহায়তায় তারা অনিয়মের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ শুরু করেন।
মিহির যাদবের গল্প অবলম্বনে নির্মিত সিনেমাটিতে নিউজরুমের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সম্পাদক ও চ্যানেল মালিকের মতপার্থক্য এবং সৎ সাংবাদিকদের পেশাগত জীবনের ঝুঁকি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এর মাধ্যমে সাংবাদিকতা ও সাংবাদিকদের বাস্তবতার একটি চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
সিনেমাটি দেখে দর্শকদের কেউ কেউ প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের ভাষ্য, অভিনয়ের দিক থেকে পরিণীতি চোপড়াকে সাংবাদিক সন্ধ্যার চরিত্রে পুরোপুরি মানানসই মনে না হলেও সহকর্মী বিনোদ শর্মার ভূমিকায় দেবেন ভোজানি সেই দুর্বলতা অনেকটাই ঢেকে দিয়েছেন। স্বল্প পরিসরে অমল পালেকর ও শাশ্বত চ্যাটার্জির অভিনয়ও নজর কেড়েছে বলে তারা মনে করছেন। তবে কিছু চরিত্রের অতি-অভিনয় এবং চিত্রনাট্যের চেনা ছক ছবিটিকে থ্রিলার হিসেবে ভিন্ন মাত্রা দিতে কিছুটা ব্যর্থ হয়েছে বলেও দর্শকদের একাংশের মত।

