অনলাইন ডেস্ক: আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের জনপ্রিয় ও জনসমর্থন রয়েছে, এমন নেতাদের প্রার্থী করার নির্দেশ দিয়েছেন সরকারদলীয় সংসদীয় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে সংসদ সদস্যদের।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে শুরু হওয়া সরকারদলীয় সংসদীয় দলের সভা তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলে। সভায় প্রধানমন্ত্রী প্রায় ৩০ মিনিট বক্তব্য দেন বলে জানান অংশ নেওয়া একাধিক সংসদ সদস্য।
সভায় দলের ঐক্য ও শৃঙ্খলা জোরদার, স্থানীয় সরকার নির্বাচনে ভালো ফল অর্জন এবং সঠিক প্রার্থী বাছাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ও সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বলে সভায় অংশ নেওয়া সদস্যরা জানান।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে ঐক্য গড়ে ওঠার আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এ পরিস্থিতিতে তৃণমূল পর্যায়ে জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতাদের প্রার্থী করার নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় সরকারের গত সাত মাসের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে এবং কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি স্ব-উদ্যোগে তৃণমূল পর্যায়ে কর্মসূচি পালন করতে বলা হয়েছে। স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কোন্দল বা প্রভাব বিস্তারের চেষ্টা সহ্য করা হবে না বলেও নির্দেশনা দেওয়া হয়।
দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে দলীয় নেতাকর্মীদের নিয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনো সহিংসতা বা উসকানিমূলক কর্মকাণ্ডের তথ্য তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতেও বলা হয়েছে।
সভায় রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জনগণের ম্যান্ডেটের প্রতি শ্রদ্ধা এবং অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে শূন্য সহনশীলতার ওপর জোর দেওয়া হয় বলে সংসদ সদস্যরা জানান। অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে দলীয় পরিচয় বিবেচনা না করে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
এক প্রতিমন্ত্রীর তথ্যমতে, আগামী ৮ নভেম্বর থেকে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন শুরু হতে পারে। অধিবেশনের আগে আবারও সরকারদলীয় সংসদীয় দলের সভা হতে পারে। সভায় সংসদ সদস্যদের জনগণের সঙ্গে নিয়ে চলার এবং স্বৈরাচারী না হওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
সভা শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, স্থানীয় নির্বাচনে সঠিক প্রার্থী বাছাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, স্থানীয় নির্বাচনে দল থেকে একক প্রার্থী দেওয়া হবে এবং আগামী মাসে সংসদ অধিবেশন আবার বসবে।

