Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ছাড়াল, হাসপাতালে ভর্তি ৪২ জন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ছাড়াল, হাসপাতালে ভর্তি ৪২ জন

অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে আরও ৪২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত হাসপাতালটিতে মোট ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৯ জনে।

রোববার গণমাধ্যমে পাঠানো তথ্য অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে ২৭ জন পুরুষ, ৮ জন নারী ও ৭ জন শিশু রয়েছেন। শিশুদের মধ্যে ৩ জন ছেলে ও ৪ জন মেয়ে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, আগের ভর্তি থাকা ৮৩ জন এবং নতুন ভর্তি ৪২ জনের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তাদের মধ্যে ২৪ জন পুরুষ, ১৫ জন নারী ও ১০ জন শিশু। উন্নত চিকিৎসার জন্য ২ জন পুরুষ রোগীকে অন্যত্র রেফার করা হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বর্তমানে হাসপাতালটিতে ৭৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৩৮ জন পুরুষ, ২৮ জন নারী ও ৮ জন শিশু। শিশুদের মধ্যে ৪ জন ছেলে ও ৪ জন মেয়ে।

হাসপাতালের বহির্বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বহির্বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৬০৭ জনে পৌঁছেছে।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল থেকে ১৩৭ জন ডেঙ্গু রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। একই সময়ে হাসপাতালে ৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান বলেন, চিকিৎসক সংকটের মধ্যেও সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা চলছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় তিনজন চিকিৎসককে জেলা হাসপাতালে সংযুক্তি পূর্বক পদায়ন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাব উদ্দীন জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডকে ৮ ভাগে বিভক্ত করে টিম গঠন করা হয়েছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত জনসচেতনতা তৈরি ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কার্যক্রম চলছে। ইতোমধ্যে কয়েকটি বাসাবাড়ির মালিককে জরিমানাও করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram