Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ফের ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, ফারজানা হকের সর্বোচ্চ ডাকের রেকর্ড

ফের ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, ফারজানা হকের সর্বোচ্চ ডাকের রেকর্ড

অনলাইন ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার সিরিজ খেলতে গিয়ে ন্যূনতম লড়াইও করতে পারছে না বাংলাদেশ নারী দল। সিরিজের প্রথম ওয়ানডেতে ১৬৭ রানের লক্ষ্য দিয়ে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে তারা। দ্বিতীয় ওয়ানডেতেও বাংলাদেশের টপ অর্ডারের পারফরম্যান্সে বদল আসেনি। বরং ওয়ানডেতে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ডাক (০) খাওয়ার রেকর্ড গড়েছেন অভিজ্ঞ তারকা ফারজানা হক পিংকী।

ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে রোববার টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৮ রানেই ৩ উইকেট হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ১৩ বল খেলেও রান করতে পারেননি পিংকী। অস্ট্রেলিয়ার পেসার মেগান শুটের করা চতুর্থ ওভারের তৃতীয় বলে বেথ মুনির হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

এ নিয়ে ওয়ানডেতে ৮৩ ম্যাচে ১২ বার শূন্য রানে আউট হলেন ফারজানা হক। এর আগে নাহিদা আক্তারের সঙ্গে যৌথভাবে ওয়ানডেতে সর্বোচ্চ ১১টি ডাকের রেকর্ডে ছিলেন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে নাহিদাকে ছাড়িয়ে এককভাবে এই রেকর্ডের মালিক হলেন বাংলাদেশের ডানহাতি ওপেনার।

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ডাক খাওয়ার তালিকায় ফাহিমা খাতুনের ৮টি এবং জাহানারা আলম ও শারমিন আক্তার সুপ্তার ৭টি করে শূন্য রয়েছে।

পিংকীর বিদায়ের পর দলের স্কোরে আরও ৬ রান যোগ হতেই আউট হন সারমিন সুলতানা ও শারমিন আক্তার সুপ্তা। সারমিন ২০ বলে ৫ রান করে কিম গার্থের বলে এলবিডব্লিউ হন। সুপ্তা ১১ বল খেলে কোনো রান না করে মেগান শুটের বলে বোল্ড হয়েছেন। ওয়ানডেতে ৭টি ডাক নিয়ে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে যৌথভাবে চতুর্থ অবস্থানে আছেন তিনি।

১৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৪৪ রান। সোবহানা মোস্তারি ৩৩ বলে ২২ এবং নিগার সুলতানা জ্যোতি ৩১ বলে ১৩ রানে অপরাজিত আছেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram