অনলাইন ডেস্ক: বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি তুরস্ক সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। আজ (রোববার) সকাল ৯টায় তিনি ঢাকায় অবতরণ করেন।
এ সময় তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন।
গত ৭ অক্টোবর বুধবার তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ঢাকা ছাড়েন ডা. শফিকুর রহমান।
তুরস্কে পৌঁছে ৮ অক্টোবর তিনি দেশটির পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেন। এ সময় তুরস্ক পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ এমপি উপস্থিত ছিলেন।
৯ অক্টোবর ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। সম্মেলনে বাংলাদেশ, তুরস্কসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
সম্মেলনে বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া, ভবিষ্যৎ রাষ্ট্রগঠন এবং তুরস্ক-বাংলাদেশের দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বক্তব্যে ডা. শফিকুর রহমান বাংলাদেশবিষয়ক গবেষণা, নীতিনির্ধারণী সংলাপ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ে এ ধরনের সম্মেলনের গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক সাম্প্রতিক বা কেবল কয়েক দশকের নয়; তুরস্কের জনগণের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে।
সম্মেলনে অংশগ্রহণ শেষে ডা. শফিকুর রহমান সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করেন। এরপর ১১ অক্টোবর সকালে তিনি দেশে ফেরেন।

