অনলাইন ডেস্ক: সাজেক সড়কে স্থানীয়দের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে সাজেকগামী পর্যটকবাহী গাড়ি চলাচলের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে নির্ধারিত স্কট বন্ধ থাকায় দুপুরে একসঙ্গে বহর নিয়ে সাজেকের উদ্দেশে ছেড়ে যাবে গাড়িগুলো।
অবরোধের খবর আগে না জানায় ভোগান্তিতে পড়েছেন পর্যটকেরা। সকালে সাজেক গিয়ে বিকেলে ফিরে আসার পরিকল্পনা নিয়ে খাগড়াছড়িতে আসা অনেক পর্যটক নির্ধারিত সময়ে সেখানে যেতে পারছেন না। রাতভর ভ্রমণ করে সকালে খাগড়াছড়িতে পৌঁছানোর পর তাঁদের অপেক্ষা করতে হচ্ছে।
ঢাকার মিরপুর থেকে আসা পর্যটক শাকিব মামুন জানান, সাজেক ভ্রমণের পরিকল্পনা থাকলেও রাতে গাড়িতে ওঠার পর অবরোধের কথা জানতে পারেন। আটজনের দল হওয়ায় তাঁরা দুপুরের স্কটের জন্য অপেক্ষা করছেন।
সিরাজগঞ্জ থেকে আসা পর্যটক বাবু আহমেদ বলেন, অবরোধের বিষয়ে আগে জানতেন না। সকালে সাজেক গিয়ে বিকেলে ফেরার পরিকল্পনা থাকলেও এখন সেখানে পৌঁছাতেই বিকেল হয়ে যাবে বলে জানতে পেরেছেন।
আরেক পর্যটক মো. মিজানুর রহমান জানান, গাড়িচালক বলেছেন প্রশাসনের অনুমতি পেলে গাড়ি ছাড়বে।
খাগড়াছড়ি-সাজেক কাউন্টারের দায়িত্বে থাকা মো. আরিফ জানান, স্থানীয়দের ডাকে সড়কে অবরোধ চলছে বলে তাঁরা শুনেছেন। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, দুপুর ১২টার দিকে সব পর্যটকবাহী গাড়ি একসঙ্গে খাগড়াছড়ি থেকে ছাড়বে। এরপর বাঘাইছড়ি থেকে দুপুর দুইটার বহরে পর্যটকদের সাজেকে নেওয়া হবে এবং পরদিন একই বহরে তাঁদের খাগড়াছড়িতে ফিরিয়ে আনা হবে।
রোববার সকাল পর্যন্ত সাজেকের কোথাও পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। তবে অবরোধের কারণে পর্যটকদের যাতায়াতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দিয়েছে।
সংগঠন দুটির দাবি, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস সন্তু গ্রুপ) সশস্ত্র গোষ্ঠী সাজেকে অবস্থান নিয়ে সাধারণ মানুষকে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। এ অভিযোগ তুলে গোষ্ঠীটিকে সরিয়ে নেওয়া এবং সাজেকের বাসিন্দাদের নিরাপত্তা ও জানমাল রক্ষার দাবিতে তারা এ কর্মসূচি দিয়েছে।

