Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

হাসপাতালে ভর্তি নারীর শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ডবয়ের বিরুদ্ধে

হাসপাতালে ভর্তি নারীর শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ডবয়ের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এক নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ওয়ার্ডবয়ের বিরুদ্ধে। শনিবার (১০ অক্টোবর) ভোরে হাসপাতালের নারী ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওয়ার্ডবয়ের নাম করিম সরকার (২৯)। তিনি উপজেলার কর্ণসূতি গ্রামের আব্দুল করিম সরকারের ছেলে। আউটসোর্সিংয়ের মাধ্যমে তিনি ওই হাসপাতালে ওয়ার্ডবয় হিসেবে কর্মরত।

হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, জ্বরে আক্রান্ত ওই নারী শুক্রবার বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। শনিবার ভোরে করিম নারী ওয়ার্ডে গিয়ে তাঁর নাম-ঠিকানা এবং ডেঙ্গু জ্বর হয়েছে কি না জানতে চান। একপর্যায়ে তিনি ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। পরে তিনি চিৎকার করে মাকে ডাকেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। অভিযোগ ওঠার পর করিম সেখান থেকে চলে যান।

ভুক্তভোগী নারীর দাবি, কথা বলার একপর্যায়ে করিম তাঁর কপাল ও গলায় হাত দেন। পরে পিঠে হাত দিয়ে বুকে স্পর্শ করেন। এ সময় তিনি চিৎকার করে বিষয়টি নার্সকে জানান।

হাসপাতালের এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, এর আগেও করিমের বিরুদ্ধে এক নারীর সঙ্গে একই ধরনের আচরণের অভিযোগ উঠেছিল। তখন স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়।

হাসপাতালের বহির্বিভাগের ইনচার্জ ও জ্যেষ্ঠ স্টাফ নার্স রূপালী খাতুন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। এ ঘটনায় হাসপাতালের কর্মীরাও নিরাপত্তাহীনতায় রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুল মুকিত বলেন, ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর থেকে করিম সরকার আত্মগোপনে থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram