Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

খালিদ মাহমুদের বিরুদ্ধে অ্যালকোহল বহনের প্রমাণ পায়নি বাফুফের তদন্ত কমিটি

খালিদ মাহমুদের বিরুদ্ধে অ্যালকোহল বহনের প্রমাণ পায়নি বাফুফের তদন্ত কমিটি

অনলাইন ডেস্ক: ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপে বাংলাদেশের দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানার জুনিয়রের নাইট ক্লাবের ছবি প্রকাশ্যে আসায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। মাস চারেক আগে ভারতের গোয়ায় নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী ফুটবল দলের ম্যানেজার খালিদ মাহমুদ নওমি টিম হোটেলে অ্যালকোহল বহন করেছিলেন বলে বাফুফেকে জানিয়েছিল সাফ কর্তৃপক্ষ। ওই চিঠির ভিত্তিতে বাফুফে তদন্ত কমিটি গঠন করলেও তিন মাস পর কমিটি অ্যালকোহল বহনের কোনো প্রমাণ পায়নি।

বাফুফে নির্বাহী সদস্য ও তদন্ত কমিটির প্রধান কামরুল ইসলাম হিলটন জানিয়েছেন, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও জিজ্ঞাসাবাদে অ্যালকোহল বহনের উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি। তবে সাফ কর্মকর্তাদের সঙ্গে খালিদ মাহমুদ উচ্চবাচ্য করেছেন বলে তদন্তে উঠে এসেছে। প্রতিবেদনে ভবিষ্যতে আচরণে সতর্ক থাকার নির্দেশনা থাকবে এবং দুই-এক দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা জানান তিনি।

বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারকে ২৬ মে দেওয়া চিঠিতে সাফ জানায়, ২৩ মে ভারতীয় সময় বিকেল ৫টা ৫৬ মিনিটে খালিদ মাহমুদ চারটি অ্যালকোহলের বোতল বহন করেন। হোটেলের নিয়ম অনুযায়ী বাইরে থেকে অ্যালকোহল আনার সুযোগ না থাকায় হোটেল স্টাফের সঙ্গে তার বাকবিতণ্ডার কথাও চিঠিতে উল্লেখ করা হয়।

তদন্ত কমিটির প্রধান বলেন, কমিটি গঠনের পর তিনি বিশ্বকাপ ফুটবল দেখতে কয়েক সপ্তাহ আমেরিকায় ছিলেন এবং ফেডারেশনের অন্যান্য কাজেও সময় গেছে। এক মাসের বেশি সময় পেরিয়ে যাওয়ায় হোটেল কর্তৃপক্ষ ফুটেজ দিতে পারেনি। এ কারণে সুনির্দিষ্ট সময় উল্লেখ থাকা সত্ত্বেও তদন্তে ভিডিও প্রমাণ পাওয়া যায়নি।

তদন্তের ধীরগতি এবং কমিটির সদস্য বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব আতিকুর রহমানকে মাঝপথে সরিয়ে দেওয়ায় তদন্তের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। আতিকুর রহমান এর আগে পিটার বাটলারকে ঘিরে সাবিনাদের বিদ্রোহের তদন্তে ভূমিকা রেখেছিলেন এবং এই তদন্ত কমিটির প্রথম সভায়ও উপস্থিত ছিলেন।

সাফের সাধারণ সম্পাদক পুরুষত্তোম ক্যাটেল জানিয়েছেন, হোটেল কর্তৃপক্ষের রিপোর্টের ভিত্তিতে বিষয়টি বাফুফেকে জানানো হয়েছিল। এ ঘটনায় সাফ কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেয়নি এবং নেওয়ার পরিকল্পনাও নেই বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram