Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

‘জীবন-মৃত্যুর’ সন্ধিক্ষণে লড়াই করছেন ইবরার টিপু

‘জীবন-মৃত্যুর’ সন্ধিক্ষণে লড়াই করছেন ইবরার টিপু

অনলাইন ডেস্ক: সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু ক্যানসারে আক্রান্ত হয়ে প্রায় দুই বছর ধরে চিকিৎসা নিচ্ছেন। সম্প্রতি তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। দীর্ঘদিন হাসপাতালে থাকার পর বর্তমানে যুক্তরাষ্ট্রে নিজ বাসায় রয়েছেন তিনি। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে গীতিকার কবির বকুল সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ইবরার টিপু এখন ‘জীবন-মৃত্যুর’ সন্ধিক্ষণে লড়াই করছেন।

কবির বকুল জানান, ইবরার টিপু গত প্রায় দুই বছর ধরে কিডনি ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন এবং যুক্তরাষ্ট্রেই তার চিকিৎসা চলছে। কিছুদিন আগে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে। দীর্ঘ সময় হাসপাতালে থাকার পর তিনি বাসায় ফিরেছেন।

ইবরার টিপুর স্ত্রী সংগীতশিল্পী বিন্দু কণার বরাত দিয়ে কবির বকুল বলেন, হাসপাতাল থেকে অনেকটা জোর করেই তাকে বাসায় নিয়ে আসা হয়েছে। পরিবারের ধারণা, হাসপাতালে তার যথাযথ চিকিৎসা হচ্ছিল না। দিনাত জাহান মুন্নীর মাধ্যমে ভিডিও কলে ইবরার টিপুর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে বলেও জানান তিনি।

কবির বকুল আরও জানান, এ বছর রোজার ঈদে অসুস্থ শরীর নিয়েই ইবরার টিপু নিউইয়র্কে তার বাসায় গিয়েছিলেন। দীর্ঘদিন পর ভিডিও কলে কথা বলার অভিজ্ঞতায় তিনি ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তার জন্য সবার কাছে দোয়া চান।

সংগীতজীবনে অবদান

কবির বকুলের ভাষ্য, ইবরার টিপুর সুর ও সংগীতায়োজনে বহু জনপ্রিয় গান তৈরি হয়েছে। এর মধ্যে রয়েছে ‘তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না’, ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ এবং ‘বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ’। নিজের সংগীতজীবনে ইবরার টিপুর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল বলেও জানান তিনি।

সহকর্মী ও কাছের মানুষ ইবরার টিপুর বর্তমান অবস্থায় ব্যথিত কবির বকুল তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram