Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন বর

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন বর

অনলাইন ডেস্ক: মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন বর। ব্যতিক্রমী এই ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সাদুল্লাপুরে। যৌতুকবিহীন এই বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয় আড়াই লাখ টাকা, যা বরপক্ষ নগদে পরিশোধ করে। আয়োজনটি দেখতে দুই বিয়ে বাড়িতেই শত শত মানুষ ভিড় করেন।

চকনদী গ্রামের সায়েদ আলীর ছেলে শাকিল মিয়ার বিয়ে উপলক্ষে শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে এই আয়োজন করা হয়। একই এলাকার হিঙ্গারপাড়া গ্রামের খোকন মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারের সঙ্গে তার বিয়ে হয়।

বরের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শাকিল মিয়া গার্মেন্টস শ্রমিক। ছেলের বিয়ে হাতির পিঠে হবে—এটি তার মায়ের দীর্ঘদিনের ইচ্ছা ছিল। সেই ইচ্ছা পূরণ করতে শাকিল হাতির পিঠে কনের বাড়ির উদ্দেশে রওনা হন। বরযাত্রীদের জন্য ছিল মাইক্রোবাস।

বর হাতির পিঠে যাচ্ছেন—এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ তাকে দেখতে আসে। বরের বাড়ি থেকে কনের বাড়ির দূরত্ব প্রায় তিন মাইল। পুরো পথেই রাস্তার পাশে মানুষের ভিড় ছিল। কনের বাড়িতে পৌঁছানোর পর ভিড় আরও বাড়ে এবং বর নামতেই সেখানে আনন্দ-উল্লাস শুরু হয়।

সূত্রের তথ্য অনুযায়ী, বিয়েতে কোনো যৌতুক নেওয়া হয়নি। কাবিননামায় দেনমোহর নির্ধারণ করা হয় আড়াই লাখ টাকা, যা বিয়ের সময়ই কনেকে নগদে বুঝিয়ে দেওয়া হয়।

হাতিটিকে সাদা রঙে ফুল এঁকে সাজানো হয়েছিল। এর শরীরে লেখা ছিল ‘শুভ বিবাহ’। শেরওয়ানি পরা বর, মাহুতসহ মোট পাঁচজন হাতির পিঠে ছিলেন; তাদের মধ্যে একটি শিশু ছিল। হাতি ভাড়ায় খরচ হয়েছে ২০ হাজার টাকা বলে জানান বর শাকিল মিয়া।

শাকিল মিয়া বলেন, ছোটবেলা থেকেই তার মায়ের ইচ্ছা ছিল বিয়েতে তিনি হাতির পিঠে করে কনের বাড়িতে যাবেন। সেই শখ পূরণ করতে পেরে তিনি খুশি। তিনি আরও বলেন, বিয়েতে যৌতুক নেওয়া হয়নি এবং দেনমোহরের টাকা আগেই পরিশোধ করা হয়েছে।

বরের পরিবারের বরযাত্রীদের মধ্যে থাকা স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য রফিকুল ইসলাম বলেন, মায়ের শখ পূরণ করতেই শাকিল হাতির পিঠে বিয়ে করতে এসেছেন। এ এলাকায় এমন আয়োজন আগে দেখা যায়নি বলেও তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram