Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

হোপের সেঞ্চুরিতে রেকর্ড রানতাড়ায় ভারতকে হারাল ক্যারিবীয়রা

হোপের সেঞ্চুরিতে রেকর্ড রানতাড়ায় ভারতকে হারাল ক্যারিবীয়রা

অনলাইন ডেস্ক: কয়েকদিন আগে ১৬২ রানের অপরাজিত ইনিংসে ওয়ানডেতে ভারতের সাড়ে তিনশ রান তাড়ায় জয়ের নায়ক ছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ। আগের ম্যাচেও ছিল সেঞ্চুরি। এবার ফরম্যাট বদলে টি-টোয়েন্টিতেও হোপ খেললেন শতরানের ইনিংস। যাতে ভর করে ক্যারিবীয়রা আন্তর্জাতিক টি-টোয়েন্টির দ্বিতীয় সর্বোচ্চ লক্ষ্য (২৫০) তাড়া করে ভারতকে হারিয়েছে।

রাঁচিতে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন ভারত ৫ উইকেটে ২৪৯ রান করার পর ৯ বল ও ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্য পেরিয়ে যায় ক্যারিবীয়রা। এটি টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ লক্ষ্য তাড়ায় জয়।

এর আগে পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ২৫৭ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা, প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। দুই দলের সেই ম্যাচে মোট রান হয়েছিল ৫১৭। এবার ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মিলে করেছে ৫০১ রান। ভারতের বিপক্ষে এর আগে ২২৩ রানের বেশি তাড়া করে কোনো দলের জয়ের নজির ছিল না।

ভারতের বড় সংগ্রহ

টস হেরে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা ১২ বলে ২০ রান করেন। সঞ্জু স্যামসন ৪১ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮২ রান করেন। ২১ বলে ফিফটি পূর্ণ করা স্যামসনের সঙ্গে ইশান কিষাণের ৪৩ বলে ৯৭ রানের জুটি গড়ে ওঠে। ইশান করেন ২২ বলে ৪৩ রান।

রোস্টন চেজ ইশান ও শিভাম দুবেকে ফিরিয়ে ভারতকে চাপে ফেললেও পরে শ্রেয়াস আইয়ার ও তিলক ভার্মা পঞ্চম উইকেটে ৩৩ বলে ৮৩ রান যোগ করেন। আইয়ার ১৮ বলে ৪০ এবং তিলক ১৮ বলে ৪৪ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে চেজ ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন।

হোপ-রাদারফোর্ডের জুটি

২৫০ রানের লক্ষ্য তাড়ায় প্রথম ওভারে দুটি এবং পাওয়ার প্লেতে মোট তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। এরপর শাই হোপ ও শেরফান রাদারফোর্ডের ব্যাটিংয়ে ম্যাচের চিত্র বদলে যায়। চতুর্থ উইকেটে তারা ৫৪ বলে ১২০ রান যোগ করেন। রাদারফোর্ড ৩৭ বলে ৭ চার ও ৭ ছক্কায় ৮৪ রান করে আউট হন।

এরপর হোপ ও রোমারিও শেফার্ড ২৬ বলে ৭৪ রান যোগ করে দলকে জয়ের কাছে নিয়ে যান। হোপ ৪৫ বলে ৬ চার ও ৯ ছক্কায় অপরাজিত ১০২ রান করে ম্যাচসেরার পুরস্কার পান। শেফার্ড ১৩ বলে ৩ চার ও ৩ ছক্কায় করেন ৩৪ রান। ভারতের হয়ে মায়াঙ্ক যাদব সর্বোচ্চ ৩ উইকেট নেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram