Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

৩ নভেম্বরের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

৩ নভেম্বরের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

অনলাইন ডেস্ক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে মার্কিন বাহিনীর ফের হামলা শুরুর কোনো সম্ভাবনা নেই। বর্তমানে ইরানের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের ফলপ্রসূ আলোচনা চলছে বলেও দাবি করেছেন তিনি।

৮ অক্টোবর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইরান অর্থনৈতিক ও সামরিক—দুই দিক থেকেই দুর্বল অবস্থায় রয়েছে এবং দেশটির ওপর আরোপিত অবরোধ কার্যকর থাকবে। তাঁর দাবি, হরমুজ প্রণালী দিয়ে রেকর্ড পরিমাণ তেল প্রবাহিত হলেও এর মধ্যে কোনো তেল ইরান থেকে আসছে না বা সেখানে যাচ্ছে না।

ট্রাম্প আরও বলেন, আগামী ৩ নভেম্বরের নির্বাচনের আগে ইরানকে লক্ষ্য করে কোনো হামলা চালানো হবে না। একই সঙ্গে তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ইরানের ইসলামি প্রজাতন্ত্রী সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছেন এবং ওই আলোচনা ফলপ্রসূ হবে বলে আশা করা হচ্ছে।

গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রের সরকারি-বেসরকারি একাধিক জরিপের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের পর ট্রাম্পের অভ্যন্তরীণ জনপ্রিয়তা বা জনসমর্থন কমেছে। এই যুদ্ধ নভেম্বরের নির্বাচনে কংগ্রেসে রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার ক্ষেত্রে দলটির প্রার্থীদের ওপর চাপ সৃষ্টি করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রয়টার্স-ইপসোসের সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী, প্রায় ৬০ শতাংশ মার্কিনি ইরান পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্পের পদক্ষেপের সঙ্গে একমত নন। তাঁদের মধ্যে প্রতি চারজনে একজন রিপাবলিকান দলের সদস্য বা সমর্থক। সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে। ভোটাররা জীবনযাত্রার ব্যয়কে সবচেয়ে বড় উদ্বেগ হিসেবে উল্লেখ করেছেন।

ট্রাম্প নির্বাচনের পর তেলের দাম কমবে বলে আশা প্রকাশ করলেও যুদ্ধ থেকে বেরিয়ে আসার কোনো সুনির্দিষ্ট বা বিস্তারিত পরিকল্পনা এখনো তুলে ধরেননি। যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্র একে অপরের কাছে বিভিন্ন প্রস্তাব দিয়েছে। তবে ট্রাম্প তেহরানের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করবে না এবং ইউরেনিয়ামের মজুদ হস্তান্তরও করবে না। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধানের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রয়টার্সকে বলেছিলেন, ইরানকে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা অর্থবহ মাত্রায় কমাতে হবে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পশ্চিমা মিত্ররা ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ করে আসছে। ইরান এই অভিযোগ বরাবরই অস্বীকার করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram