Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

চীন-ইইউ বাণিজ্য ঘাটতি ও বিরল খনিজ নিয়ে আলোচনা জোরদার

চীন-ইইউ বাণিজ্য ঘাটতি ও বিরল খনিজ নিয়ে আলোচনা জোরদার

অনলাইন ডেস্ক: চীনের সঙ্গে তৈরি হওয়া বাণিজ্য ঘাটতি, বিরল খনিজ রপ্তানিতে দেশটির কড়াকড়ি এবং অর্থনৈতিক সম্পর্কে দিন দিন বাড়তে থাকা ভারসাম্যহীনতা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর সমাধানে ব্রাসেলসের কাছে সমমর্যাদার সংলাপ ও গভীর সহযোগিতার আহ্বান জানিয়েছে বেইজিং।

সম্প্রতি চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাওর সঙ্গে বৈঠক করতে চীন সফর করেছেন ইইউয়ের বাণিজ্যবিষয়ক কমিশনার মারোস সেফকোভিচ। চীন থেকে ইইউতে পণ্য আমদানির পরিমাণ বাড়তে থাকায় দেশটির সঙ্গে ইইউয়ের বাণিজ্য ঘাটতি দৈনিক ১০০ কোটি ইউরো ছাড়িয়ে গেছে। গত তিন মাসের দ্বিপাক্ষিক আলোচনার ধারাবাহিকতায় এই সফর অনুষ্ঠিত হয়েছে।

বাণিজ্য ঘাটতি ও বিরল খনিজ নিয়ে উদ্বেগ

বিরল খনিজ রপ্তানিতে চীনের বিধিনিষেধ পরিস্থিতিকে আরও কঠিন করেছে। বৈদ্যুতিক যানবাহন, নবায়নযোগ্য শক্তি, উন্নত উৎপাদন প্রযুক্তি ও প্রতিরক্ষা প্রযুক্তির জন্য প্রয়োজনীয় এসব উপাদানের সরবরাহে চীনের ওপর নির্ভরশীলতা নিয়ে ইইউ উদ্বিগ্ন। সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, বিদ্যমান মতভেদ দূর করতে উন্মুক্ত সহযোগিতা ও সমমর্যাদার ভিত্তিতে সংলাপ জরুরি। তিনি আশা প্রকাশ করেন, ইউরোপীয় পক্ষ চীনের সঙ্গে একত্রে সমাধান খুঁজবে। স্থিতিশীল অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উভয় পক্ষের যৌথ স্বার্থ রক্ষা করবে বলেও জানান তিনি।

ইউরোপীয় সরকার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অভিযোগ, চীনা পণ্যের জন্য ইউরোপের বাজারে প্রবেশ সহজ হলেও চীনে ইউরোপীয় কোম্পানিগুলোর প্রবেশাধিকার কঠিন। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক অনিশ্চিত হয়ে ওঠায় ইউরোপের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক ধরে রাখা বেইজিংয়ের জন্য গুরুত্বপূর্ণ।

ইইউ এখন চীনের সঙ্গে সম্পর্ক বজায় রেখেও অর্থনৈতিক ঝুঁকি কমানো এবং কৌশলগত নির্ভরতা হ্রাসের পথ খুঁজছে। ইউরোপীয় দেশগুলো বিকল্প উৎস থেকে বিরল খনিজ সংগ্রহের চেষ্টা করলেও চীনের ওপর নির্ভরতা দ্রুত কমানো সম্ভব নয়।

ফ্রান্সের পৃথক কূটনৈতিক তৎপরতা

চলমান বাণিজ্য আলোচনার পাশাপাশি চীন ও ফ্রান্সের মধ্যে পৃথক কূটনৈতিক যোগাযোগও জোরদার হচ্ছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কূটনৈতিক উপদেষ্টা ইমানুয়েল বোন ৯ থেকে ১৩ অক্টোবর চীন সফর করবেন। সেখানে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। বেইজিং জানিয়েছে, বৈঠকে কৌশলগত যোগাযোগ ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হবে।

বাজারে প্রবেশাধিকার, বাণিজ্য ঘাটতি ও বিরল খনিজ সরবরাহ নিয়ে বাস্তবসম্মত সমঝোতা হলে চীন-ইইউ অর্থনৈতিক সম্পর্ক স্থিতিশীল হতে পারে। তবে আলোচনা ব্যর্থ হলে ইউরোপ চীন থেকে নিজেদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া দ্রুততর করতে পারে এবং চীনা পণ্যের ওপর আরও বিধিনিষেধ আরোপের পরিস্থিতি তৈরি হতে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram