অনলাইন ডেস্ক: টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া গ্রামের ৩ কিলোমিটার সড়ক আলোকিত করেছেন প্রবাসীরা। নিজেদের অর্থায়নে ১০ লাখ টাকা ব্যয়ে ১০০টি ল্যাম্প বাতি স্থাপন করেছেন তারা। ‘আলোকিত সোনালিয়া’ প্রকল্পের আওতায় নেওয়া এ উদ্যোগে রাতের অন্ধকার দূর হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের চলাচলে স্বস্তি ফিরেছে। গ্রামের উন্নয়নে প্রবাসীদের এমন উদ্যোগে প্রশংসা করছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকাবাসীর সমন্বয়ে গঠিত একটি কমিটির মাধ্যমে পাঁচ মাসে প্রকল্পটির কাজ শেষ হয়েছে। প্রতিটি বাতি স্থাপনে প্রায় ৭ থেকে ৮ হাজার টাকা খরচ হয়েছে। প্রায় ১০০ ফুট পরপর একটি করে বাতি বসানো হয়েছে।
করটিয়া বাজার থেকে সোনালিয়া কবরস্থান পর্যন্ত সড়কসহ গ্রামের কয়েকটি রাস্তায় এসব বাতি স্থাপন করা হয়েছে। স্থানীয়দের ভাষ্য, আগে রাতে এসব সড়কে চলাচলে নানা সমস্যায় পড়তে হতো। এখন বাতি স্থাপনের ফলে রাস্তাগুলো আলোকিত হওয়ায় মানুষের যাতায়াত সহজ হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী রবিউল আউয়াল উজ্জ্বল বলেন, প্রবাসীদের অর্থায়নে তিন কিলোমিটার রাস্তায় ১০০টি ল্যাম্প বাতি বসানো হয়েছে। এ উদ্যোগে এলাকাবাসী আনন্দিত এবং প্রবাসীদের ধন্যবাদ জানায়।
পশ্চিম পৌলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মান্নান মিয়া বলেন, প্রবাসীরা ১০ লাখ টাকা খরচ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। দূরে থেকেও গ্রামের প্রতি তাঁদের মমত্ববোধ ও দায়বদ্ধতা রয়েছে।
হাবলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুল হক বলেন, বাতি স্থাপনের ফলে মানুষ রাতে ভালোভাবে চলাচল করতে পারছে। প্রবাসীরা এর পাশাপাশি বিভিন্ন সময়ে অসহায় মানুষকেও সহযোগিতা করে আসছেন।
‘আলোকিত সোনালিয়া’ প্রকল্পের সভাপতি তরিকুল ইসলাম রতন বলেন, বাতি স্থাপনের পর রাতে মানুষের যাতায়াতে সমস্যা কমেছে। গ্রামের উন্নয়নে প্রবাসীদের সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান তিনি।
টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্সের পরিচালক নুরুল ইসলাম রবিন বলেন, প্রবাসীরা সোনালিয়া গ্রামের অন্ধকারাচ্ছন্ন রাস্তা আলোকিত করেছেন। আগামী দিনে গ্রামটিকে আদর্শ গ্রামে রূপান্তরে সম্মিলিতভাবে কাজ করার কথা জানান তিনি।

