অনলাইন ডেস্ক: কোচ জর্জে জেসুসের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিভেদ আরও আগে থেকেই স্পষ্ট ছিল। দলের প্রয়োজন অনুযায়ী রোনালদোকে ব্যবহার করতে চেয়েছিলেন পর্তুগালের কোচ, তবে তা পছন্দ হয়নি এই তারকার। রাগ দেখিয়ে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় রোনালদোর সমালোচনা করতে গিয়ে কিংবদন্তি পেলে ও ম্যারাডোনার প্রসঙ্গ টেনেছেন সাবেক পর্তুগিজ তারকা অ্যান্তোনিও সিমোয়েস।
বেনফিকার কিংবদন্তি স্ট্রাইকার ও ১৯৬৬ বিশ্বকাপে ইউসেবিওর সতীর্থ সিমোয়েস আবার জাতীয় দলে রোনালদোকে দেখতে চান। তবে তার মতে, দলের প্রতি আরও দায়িত্বশীল ও সমন্বিত মানসিকতা দেখাতে হবে রোনালদোকে। সিমোয়েসের দাবি, কখনও কখনও রোনালদোকে আত্মকেন্দ্রিক মনে হয় এবং তিনি শুধু নিজের কথাই ভাবেন।
সম্মানজনক বিদায়ের আহ্বান
মেসির মতো রোনালদোকেও সম্মানজনকভাবে ক্যারিয়ার শেষ করার আহ্বান জানিয়েছেন সিমোয়েস। পেলে, ম্যারাডোনা ও ইউসেবিওর প্রসঙ্গ টেনে তিনি বলেন, কোনো কিংবদন্তিকে ঘিরে এমন পরিস্থিতি তিনি আগে দেখেননি। তার মতে, দেশের প্রতি, রোনালদোর প্রতি এবং কোচ জেসুসের প্রতি সম্মান দেখিয়ে এই পরিস্থিতি এড়ানো উচিত।
সদ্য শেষ হওয়া আন্তর্জাতিক উইন্ডোতে উয়েফা নেশন্স লিগের ম্যাচ চলাকালে জেসুসের সঙ্গে মতবিরোধের জেরে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যান রোনালদো। পরে নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করে তিনি জানান, শাস্তি হলে তা মেনে নেবেন। একইসঙ্গে কোচের সঙ্গে মতবিরোধ রয়েছে এবং জেসুস তার কথা রাখেননি বলেও অভিযোগ করেন তিনি।
যে সিদ্ধান্ত ঘিরে বিরোধ
ফিফা আন্তর্জাতিক বিরতির চার ম্যাচের মধ্যে প্রথম ও চতুর্থ ম্যাচে রোনালদোকে খেলানোর পরিকল্পনা ছিল জেসুসের। তবে দ্বিতীয় ম্যাচে ডেনমার্কের বিপক্ষে দ্বিতীয়ার্ধে তাকে নামানোর সিদ্ধান্ত নেন কোচ। রোনালদোকে ওয়ার্মআপেও পাঠানো হয়, কিন্তু শেষ পর্যন্ত মাঠে নামানো হয়নি। এতে ক্ষুব্ধ হন পর্তুগিজ তারকা।
সিমোয়েসের মতে, ম্যাচের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সময়ে রোনালদোকে ব্যবহার করা হতে পারে—এটি তাকে বুঝতে হবে। তিনি আরও অভিযোগ করেন, রোনালদো দীর্ঘদিন ধরে এমন বার্তা দিয়ে আসছেন যে পর্তুগাল জাতীয় দলের চেয়ে তার ব্যক্তিগত স্বার্থই বেশি গুরুত্বপূর্ণ।
সিমোয়েসের ভাষ্য অনুযায়ী, রোনালদোর প্রধান লক্ষ্য ১০০০ গোল করা। এরপর আসে খেলা, বল, দেশ ও মানুষ। তার দাবি, রোনালদো সাম্প্রতিক সময়ে জাতীয় দলের চেয়ে ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি স্পষ্ট করেছেন।

